লেটেস্ট নিউজ

সোনা ও রুপোর দামে রেকর্ড পতন, সর্বোচ্চ দর থেকে অনেকটাই সস্তা হল মূল্যবান ধাতু – এবেলা

এবেলা ডেস্কঃ

বিশ্ব বাজারের প্রভাবে মঙ্গলবার ভারতীয় বাজারে সোনা ও রুপোর দামে বড়সড় পতন লক্ষ্য করা গেল। মধ্যপ্রাচ্যে উত্তজনা প্রশমনের খবরের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে ডলার শক্তিশালী হওয়ায় মাল্টি-কমোডিটি এক্সচেঞ্জে (MCX) দুই মূল্যবান ধাতুর দর হুড়মুড় করে কমেছে। বিশেষ করে রুপোর দাম এক দিনেই প্রায় ১১,০০০ টাকা বা ৪.৫ শতাংশ হ্রাস পেয়েছে। ফলে সর্বকালীন উচ্চতর রেকর্ড দরের তুলনায় রুপো এখন কেজি প্রতি ২.০৬ লক্ষ টাকা সস্তায় মিলছে।

সোনার ক্ষেত্রেও নিম্নমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। গত সোমবারের ব্যাপক পতনের পর মঙ্গলবার লেনদেন শুরুর সময় প্রতি ১০ গ্রাম সোনার দাম আরও ২৫০০ টাকার বেশি কমেছে। বর্তমানে সর্বোচ্চ শিখর থেকে সোনার দাম প্রায় ৫৬,৪১২ টাকা নিচে অবস্থান করছে। কলকাতায় আজ ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার বাজারমূল্য দাঁড়িয়েছে ১ লক্ষ ৪০ হাজার ৩৫০ টাকা এবং ২২ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ২৮ হাজার ৬৫০ টাকা। অন্যদিকে, শহরে প্রতি কেজি রুপোর বর্তমান দর ২ লক্ষ ৩৫ হাজার টাকা।

বিশেষজ্ঞদের মতে, মার্কিন ফেডারেল রিজার্ভের সুদের হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত এবং বিশ্ব অর্থনীতিতে চলমান অনিশ্চয়তা এই দরপতনকে ত্বরান্বিত করেছে। আন্তর্জাতিক বাজারেও (Comex) সোনা ও রুপোর দাম উল্লেখযোগ্যভাবে কমেছে। বর্তমানে কম দামে সোনা ও রুপো কেনার সুবর্ণ সুযোগ তৈরি হলেও, মুদ্রাস্ফীতির আশঙ্কায় লগ্নিকারীদের মধ্যে এখনও কিছুটা উদ্বেগ কাজ করছে। স্থানীয় বাজারে এই দরপতন কতদিন স্থায়ী হয়, এখন সেদিকেই নজর রাখছেন সাধারণ ক্রেতা থেকে ব্যবসায়ীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *