নিশ্চিন্তে জ্বালান রান্নার গ্যাস ৯৩ হাজার মেট্রিক টন এলপিজি নিয়ে ভারতে ঢুকছে বিশাল দুই জাহাজ – এবেলা
এবেলা ডেস্কঃ
পশ্চিম এশিয়ায় চরম উত্তেজনার মাঝেই ভারতের জন্য এল স্বস্তির খবর। হরমুজ প্রণালীর বাধা কাটিয়ে ৯৩ হাজার মেট্রিক টন এলপিজি বোঝাই দুটি বিশাল জাহাজ এখন ভারতের বন্দরে পৌঁছানোর অপেক্ষায়। এর ফলে দেশজুড়ে রান্নার গ্যাসের সরবরাহ স্বাভাবিক হবে এবং সিলিন্ডারের জন্য দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটবে বলে আশা করা হচ্ছে।
পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা জানিয়েছেন, ‘জগ বসন্ত’ এবং ‘পাইন গ্যাস’ নামের দুটি জাহাজ যথাক্রমে কান্ডালা ও ম্যাঙ্গালোর বন্দরে পৌঁছাচ্ছে। ভারতীয় নৌসেনার কড়া নজরদারিতে ইরানি উপকূলের কাছ দিয়ে বিকল্প রুটে এই জাহাজগুলি নিরাপদে নিয়ে আসা হয়েছে।
বর্তমানে দেশে দৈনিক প্রায় ৮০ থেকে ৯০ হাজার টন এলপিজি প্রয়োজন হয়। আমদানিতে সমস্যার আশঙ্কায় সরকার আগেভাগেই ঘরোয়া উৎপাদন ৪০ শতাংশ বাড়িয়ে দিয়েছে। ফলে প্রতিদিনের উৎপাদন এখন ৩৫ হাজার টন থেকে বেড়ে ৪৮ হাজার টনে দাঁড়িয়েছে। এ ছাড়াও আমেরিকা ও অস্ট্রেলিয়া থেকে কেনা আরও কয়েকটি জাহাজ আগামী এক সপ্তাহের মধ্যে দেশের উপকূলে পৌঁছাবে।
মন্ত্রকের পক্ষ থেকে সাধারণ মানুষকে আশ্বস্ত করে জানানো হয়েছে যে দেশে পেট্রোল, ডিজেল বা রান্নার গ্যাসের কোনো ঘাটতি নেই। আতঙ্কিত হয়ে অতিরিক্ত বুকিং না করার পরামর্শ দেওয়া হয়েছে। কালোবাজারি রুখতে ২৫ দিনের বুকিং ব্যবধান বজায় রাখা হয়েছে। শীঘ্রই বাণিজ্যিক গ্যাসের সরবরাহও সম্পূর্ণ স্বাভাবিক হবে বলে জানানো হয়েছে।

