লেটেস্ট নিউজ

দেশের কৌশলগত ভাণ্ডারে মজুত তেল মেটাবে মাত্র সাড়ে ৯ দিনের চাহিদা – এবেলা

এবেলা ডেস্কঃ

আরটিআই-এর জবাবে কেন্দ্র জানিয়েছে, বর্তমানে ভারতের কৌশলগত ভাণ্ডারে যে পরিমাণ অশোধিত তেল মজুত রয়েছে, তা দিয়ে জরুরি পরিস্থিতিতে দেশের মাত্র ৯.৫ দিনের চাহিদা মেটানো সম্ভব। পেট্রোলিয়াম মন্ত্রকের তথ্য অনুযায়ী, বিশাখাপত্তনম, মেঙ্গালুরু এবং পাদুরে অবস্থিত তিনটি ভাণ্ডারে মোট ৫৩.৩ লক্ষ মেট্রিক টন তেল মজুত করার ক্ষমতা থাকলেও বর্তমানে সেখানে রয়েছে ৩৩.৭২ লক্ষ মেট্রিক টন। আমদানির হার ও অভ্যন্তরীণ চাহিদার ওপর ভিত্তি করে এই মজুত তেলের পরিমাণ নিয়মিত পরিবর্তিত হয়।

পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা তৈরি হওয়ায় ভারতের এই সীমিত মজুত নিয়ে উদ্বেগ বেড়েছে। পরিস্থিতি মোকাবিলায় ওড়িশার চণ্ডীখোল এবং কর্নাটকের পাদুরে আরও দুটি নতুন তৈলভাণ্ডার তৈরির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। এই প্রকল্প দুটি সম্পন্ন হলে দেশে অতিরিক্ত ৬৫ লক্ষ মেট্রিক টন অশোধিত তেল মজুত রাখা সম্ভব হবে, যা ভবিষ্যতে দীর্ঘমেয়াদী জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করবে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লোকসভায় জানিয়েছেন, জ্বালানি সংকট এড়াতে ভারত আমদানির উৎস বাড়িয়েছে। গত ১১ বছরে আমদানিকারী দেশের সংখ্যা ২৭ থেকে বাড়িয়ে ৪১ করা হয়েছে। তবে সরকারি পরিসংখ্যান স্পষ্ট করছে যে, আন্তর্জাতিক স্তরে বড় ধরনের বা দীর্ঘস্থায়ী কোনো সংকট দেখা দিলে ঘরোয়া চাহিদা মেটানোর জন্য ভারতকে বিকল্প উৎস এবং আমদানির ওপরই প্রধানত নির্ভর করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *