নির্বাচনের আগে বড় পদক্ষেপ: রাজ্যে ৭৩ জন রিটার্নিং অফিসারকে বদলি করল কমিশন – এবেলা
এবেলা ডেস্কঃ
রাজ্যে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পরপরই প্রশাসনিক স্তরে বড়সড় রদবদল ঘটাল নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচনী আধিকারিকের সুপারিশক্রমে মোট ৭৩ জন রিটার্নিং অফিসারকে একযোগে বদলি করার নির্দেশ জারি করা হয়েছে। এই তালিকায় মহকুমাশাসক পদমর্যাদার একাধিক আধিকারিক রয়েছেন। এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কেন্দ্র ভবানীপুরের রিটার্নিং অফিসারকেও এই রদবদলের আওতায় আনা হয়েছে।
কমিশনের নির্দেশিকা অনুযায়ী, বদলি হওয়া আধিকারিকদের অবিলম্বে নতুন দায়িত্বভার গ্রহণ করতে বলা হয়েছে। বুধবার থেকেই তাঁদের বিশেষ প্রশিক্ষণ শিবিরে অংশ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জেলাভিত্তিক হিসেবে সবচেয়ে বেশি রদবদল ঘটেছে উত্তর ২৪ পরগনায়। এছাড়া দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরেও প্রশাসনিক ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে। স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।
এর আগে অবাধ ও শান্তিপূর্ণ ভোট করানোর লক্ষ্যে রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং পুলিশের মহানির্দেশকসহ (ডিজি) একাধিক শীর্ষ আধিকারিককে সরিয়ে দিয়েছিল কমিশন। সেই ধারায় এবার সরাসরি নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যুক্ত আধিকারিকদের স্তরেও কড়া ব্যবস্থা নেওয়া হলো। ২৯৪টি বিধানসভা কেন্দ্রের প্রশাসনিক ভারসাম্যে এই রদবদল অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

