মোদীর ভাষণে উহ্য আমেরিকা ও ইজরায়েলের নাম! পশ্চিম এশিয়া সংকট নিয়ে উত্তাল সংসদ – এবেলা
এবেলা ডেস্কঃ
পশ্চিম এশিয়া ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রহস্যময় নীরবতা নিয়ে এবার সরাসরি তোপ দাগল কংগ্রেস। সোমবার সংসদে মোদীর ভাষণে ইজরায়েল বা আমেরিকার নাম না থাকা নিয়ে বড়সড় প্রশ্ন তুলেছেন কংগ্রেস নেতা অখিলেশ প্রসাদ সিং। খামেনির মৃত্যুর পর ঘনিয়ে আসা যুদ্ধ পরিস্থিতিতে ভারতের অবস্থান ঠিক কী, তা নিয়ে বাড়ছে ধোঁয়াশা।
সংসদে কংগ্রেসের বিস্ফোরক দাবি
অখিলেশ প্রসাদ সিংয়ের মতে, পশ্চিম এশিয়ার ভয়াবহ সংঘাত নিয়ে মোদীর এই নীরবতা আসলে এক বিশেষ ইঙ্গিতবাহী। সংবাদমাধ্যমকে তিনি জানান, কোভিড থেকে শুরু করে আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে দীর্ঘ ভাষণ দিলেও ইজরায়েল-আমেরিকা প্রসঙ্গে টুঁ শব্দ করেননি প্রধানমন্ত্রী।
সংকটের মুখে ভারতের অর্থনীতি
প্রধানমন্ত্রী মোদী লোকসভায় স্বীকার করেছেন যে, পশ্চিম এশিয়ার এই যুদ্ধ ভারতের জাতীয় নিরাপত্তা ও অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ। ভারতের তেল ও গ্যাসের চাহিদার সিংহভাগই আসে এই অঞ্চল থেকে। যুদ্ধ দীর্ঘায়িত হলে পণ্য পরিবহণ ও বাণিজ্যিক পথ অবরুদ্ধ হওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে।
জ্বালানি নিয়ে সরকারের আশ্বাস
সরবরাহে অনিশ্চয়তা থাকলেও সাধারণ মানুষের রান্নার গ্যাস ও জ্বালানি তেলের জোগান স্বাভাবিক রাখতে সরকার বদ্ধপরিকর। প্রধানমন্ত্রী জানান, ভারতে ৫.৩ মিলিয়ন মেট্রিক টন পেট্রোলিয়াম মজুত রয়েছে এবং অভ্যন্তরীণ উৎপাদন বাড়ানোর চেষ্টা চলছে।
নেপথ্যে খামেনির মৃত্যু
গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকা ও ইজরায়েলের যৌথ অভিযানে ইরানি নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর থেকেই পরিস্থিতি অগ্নিগর্ভ। ইরানের পালটা হামলায় বিশ্ব অর্থনীতি ও আন্তর্জাতিক জলপথে যাতায়াত চরম সংকটের মুখে পড়েছে।

