মধ্যপ্রাচ্য যুদ্ধের ধাক্কায় কাঁপছে বিশ্ব! দেশের আমজনতাকে বাঁচাতে মোদীর মাস্টারপ্ল্যান – এবেলা
এবেলা ডেস্কঃ
নিউ দিল্লি: মধ্যপ্রাচ্যের ভয়াবহ যুদ্ধ পরিস্থিতি নিয়ে মঙ্গলবার সংসদে দেশবাসীকে সতর্ক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি স্পষ্ট জানান, এই যুদ্ধ শুধু সীমান্তেই সীমাবদ্ধ নেই, বরং বিশ্বজুড়ে জ্বালানি ও সার সরবরাহে বড়সড় সংকট তৈরি করেছে। ভারতের আমদানির প্রধান রুট ‘হরমূজ প্রণালী’ এখন যুদ্ধকবলিত, যার সরাসরি প্রভাব পড়তে পারে পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের দামে।
প্রধানমন্ত্রী বলেন, “গত ২৫ দিন ধরে ভারত পরিস্থিতি সামাল দিলেও আগামী ১৫ দিন পর থেকে যুদ্ধের প্রকৃত আঁচ টের পাওয়া যেতে পারে।” তবে দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে মোদী সরকার ইতিমধ্যেই একাধিক রণকৌশল সাজিয়েছে।
সংকট মোকাবিলায় ভারতের প্রস্তুতি
- আমদানির বৈচিত্র্য: আগে মাত্র ২৭টি দেশ থেকে তেল আসত, এখন ৪১টি দেশ থেকে আমদানির ব্যবস্থা করা হয়েছে।
- পেট্রোলিয়াম রিজার্ভ: জরুরি অবস্থার জন্য ৫৩ লক্ষ মেট্রিক টন তেল মজুত রাখা হয়েছে, আরও ৬৫ লক্ষ টনের কাজ চলছে।
- মেড ইন ইন্ডিয়া জাহাজ: তেলের জন্য বিদেশের ওপর নির্ভরতা কমাতে ৭০ হাজার কোটি টাকা ব্যয়ে দেশীয় জাহাজ তৈরির অভিযান শুরু হয়েছে।
- সাতটি বিশেষ টাস্কফোর্স: করোনা কালের মতোই পেট্রোল-ডিজেল, সার এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সাতটি বিশেষ ‘এমপাওয়ার্ড গ্রুপ’ গঠন করা হয়েছে।
প্রধানমন্ত্রী কৃষকদের আশ্বস্ত করে জানান, চাষের মরসুমে সারের কোনো অভাব হবে না। রাজ্যগুলোকে কালোবাজারি রুখতে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়ে তিনি বলেন, “এই সংকট ভারতের জন্য এক বড় পরীক্ষা, আর আমরা ‘টিম ইন্ডিয়া’ হিসেবেই এর জয় করব।”

