ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণা ও তেহরানের কড়া হুঁশিয়ারি – এবেলা
এবেলা ডেস্কঃ
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী পাঁচ দিনের জন্য ইরানের সাথে যুদ্ধ স্থগিত করার বড় ঘোষণা দিয়েছেন। কিছু ইতিবাচক পরিবর্তনের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে হোয়াইট হাউস সূত্রের খবর। এর আগে হোরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য ইরানকে ৪৮ ঘণ্টার চরম সময়সীমা দিয়েছিলেন ট্রাম্প, যা পার হওয়ার পর বড়সড় হামলার আশঙ্কা তৈরি হয়েছিল। তবে শেষ মুহূর্তে আমেরিকার এই পিছু হটাকে নিজেদের নৈতিক জয় হিসেবে দেখছে তেহরান।
ইরান স্পষ্ট জানিয়েছে যে, ইজরায়েল ও আমেরিকা তাদের হাসপাতাল ও স্কুলে হামলা চালালেও তারা সংযম দেখিয়েছে। তবে ইরানের বিদ্যুৎ ও শক্তি প্রকল্পগুলোতে আঘাত হানলে তার পাল্টা জবাব দেওয়া হবে। তেহরানের দাবি, আমেরিকা তাদের শক্তি দেখে ভীত হয়েই যুদ্ধবিরতি পালন করছে।
হোরমুজ প্রণালীতে আটকে পড়া জাহাজ নিয়ে চরম বার্তা
হোরমুজ প্রণালীতে আটকে থাকা বাণিজ্যিক জাহাজগুলো নিয়ে ইরান কড়া শর্ত দিয়েছে। ইরানি নিরাপত্তা পরিষদের মতে, জাহাজগুলো মুক্ত করার একমাত্র পথ হলো ইরানের উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে সরাসরি আলোচনায় বসা। সমুদ্রপথে বিছানো রয়েছে শক্তিশালী নৌ-মাইন, তাই আলোচনার বিকল্প নেই। সমুদ্রের বর্তমান পরিস্থিতির জন্য ওয়াশিংটন ও ইজরায়েলকেই সম্পূর্ণ দায়ী করেছে ইরান। টানা ২৪ দিনের ধ্বংসলীলার পর ট্রাম্প প্রশাসন আলোচনার প্রস্তাব দিলেও ইরান আপাতত আমেরিকার সাথে কোনো ধরনের টেবিলে বসতে সাফ অস্বীকার করেছে।

