লেটেস্ট নিউজ

‘ধুরন্ধর’ হামজ়ার শিকড় কি পাকিস্তানে? রণবীরের ঠাকুরমাকে নিয়ে শুরু হয়েছে নতুন চর্চা – এবেলা

এবেলা ডেস্কঃ

বক্সঅফিসে তুঙ্গস্পর্শী সাফল্য পেয়েছে ‘ধুরন্ধর’। এই ছবিতে ভারতীয় গুপ্তচর হামজ়া আলির চরিত্রে রণবীর সিংহের অভিনয় দর্শক মহলে ব্যাপক প্রশংসিত হয়েছে। তবে পর্দার এই দুর্ধর্ষ অভিযানের নেপথ্যে অভিনেতার বাস্তব জীবনের এক পারিবারিক যোগসূত্র এখন প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, রণবীরের ঠাকুরমা চাঁদ বার্ক ছিলেন সাদাকালো যুগের এক জনপ্রিয় অভিনেত্রী, যাঁর জন্ম ১৯৩২ সালে অবিভক্ত ভারতের ঝুমরাহ-তে, যা বর্তমানে পাকিস্তানের অন্তর্গত।

খ্রিস্টান পরিবারে জন্ম নেওয়া চাঁদ বার্ক পঞ্চাশ ও ষাটের দশকে পাঞ্জাবি চলচ্চিত্রের পরিচিত মুখ ছিলেন। মাত্র ১৪ বছর বয়সে ‘কহাঁ গয়ে’ ছবির মাধ্যমে তাঁর অভিনয় জীবন শুরু হয়। নাচে পারদর্শিতার কারণে তাঁকে ‘ডান্সিং লিলি অফ পাঞ্জাব’ বলা হতো। তাঁর ইচ্ছা ছিল নিজের ছেলেকে অভিনেতা হিসেবে দেখার, কিন্তু তাঁর ছেলে পরবর্তীকালে ব্যবসায়িক পেশা বেছে নেন। শেষ পর্যন্ত নাতি রণবীরের মাধ্যমেই চাঁদ বার্কের সেই স্বপ্ন পূরণ হয়েছে।

রণবীর সিংহ তাঁর ঠাকুরমায়ের নাচের প্রতিভা এবং অভিনয় দক্ষতা উত্তরাধিকার সূত্রে পেয়েছেন বলে মনে করা হয়। যদিও নাতির রূপালি পর্দায় অভিষেক দেখে যেতে পারেননি তিনি; রণবীরের প্রথম ছবি মুক্তির দুই বছর আগে ২০০৮ সালে তিনি প্রয়াত হন। তবে উত্তরসূরি ‘বিট্টু’ যে একদিন সফল তারকা হয়ে উঠবেন, সেই বিশ্বাস বরাবরই ছিল এই প্রাক্তন অভিনেত্রীর। বর্তমান সময়ের অন্যতম সেরা নায়কের পারিবারিক ইতিহাস তাই এখন ভক্তদের কাছে বিশেষ কৌতূহলের বিষয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *