লেটেস্ট নিউজ

বদলছে আবহাওয়া: উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা, দক্ষিণবঙ্গে সপ্তাহান্তে ঝড়-বৃষ্টির সাথে বাড়বে গরম – এবেলা

এবেলা ডেস্কঃ

উত্তরবঙ্গে আজ থেকেই আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারসহ উত্তরের পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। এছাড়া দার্জিলিং ও কালিম্পংয়ে শিলাবৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এই পরিস্থিতি পুরো সপ্তাহজুড়েই বজায় থাকবে বলে জানানো হয়েছে।

অন্যদিকে, দক্ষিণবঙ্গে আজ আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়ার সাথে সাথে গরম ও অস্বস্তি বাড়বে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। তবে শুক্রবার থেকে পরিস্থিতির পরিবর্তন হবে। কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলোতে শুক্র থেকে রবিবার পর্যন্ত টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝড়ের গতিবেগ হতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার।

বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গবাসীর জন্য গরম থেকে এখনই কোনো স্বস্তির খবর নেই। আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে সমানতালে। নদিয়া, হুগলি, ঝাড়গ্রাম এবং দুই বর্ধমানসহ একাধিক জেলায় সপ্তাহান্তে বৃষ্টির দাপট বাড়ার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। আজ মঙ্গলবারও কিছু এলাকায় হালকা বৃষ্টির আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না স্থানীয় হাওয়া অফিস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *