লেটেস্ট নিউজ

বিজেপিকে ৫০-এর নিচে নামানোর চ্যালেঞ্জ নিয়ে পাথরপ্রতিমায় হুঙ্কার দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় – এবেলা

এবেলা ডেস্কঃ

দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা থেকে ২০২৬ বিধানসভা নির্বাচনের প্রচার শুরু করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার কলেজ মাঠের জনসভায় দাঁড়িয়ে তিনি স্পষ্ট ঘোষণা করেন, এই নির্বাচন বিজেপিকে শিক্ষা দেওয়ার লড়াই এবং আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপিকে ৫০টি আসনের নিচে নামিয়ে আনবে তৃণমূল। এদিন তৃণমূল প্রার্থী সমীর কুমার জানার সমর্থনে আয়োজিত এই সভা থেকে কেন্দ্র সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে সরব হন তিনি।

অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর বক্তব্যে বলেন, কেন্দ্র সরকার বাংলার গরিব মানুষের ১০০ দিনের কাজের টাকা এবং আবাস যোজনার অর্থ আটকে রেখেছে। তিনি দাবি করেন, তৃণমূলের আমলে পাথরপ্রতিমায় ব্যাপক উন্নয়ন হয়েছে এবং আগামী দিনেও সাধারণ মানুষের ভোটাধিকার কেউ কেড়ে নিতে পারবে না। বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি প্রশ্ন তোলেন, কেন বিজেপি তাদের উন্নয়নের রিপোর্ট কার্ড জনগণের সামনে তুলে ধরতে পারছে না। অন্যদিকে, রাজ্য সরকারের বিগত পাঁচ বছরের উন্নয়নের খতিয়ান দিয়ে তিনি জানান, গ্রামীণ হাসপাতালে চিকিৎসকের সংখ্যা বৃদ্ধি থেকে শুরু করে সবার জন্য পাকা বাড়ির ব্যবস্থা করেছে তৃণমূল সরকার।

অভিষেক আরও যোগ করেন, “অন্য দল শুধু প্রতিশ্রুতি দেয়, কিন্তু আমরা যা বলি তা প্রতিজ্ঞা করে পূরণ করি।” পাথরপ্রতিমা থেকে শুরু হওয়া এই প্রচার অভিযান ডায়মন্ড হারবারে গিয়ে শেষ হবে বলে তিনি জানান। তৃণমূল নেতৃত্বের দাবি, বিপুল আসন নিয়ে চতুর্থবারের জন্য বাংলায় ক্ষমতায় আসবে ঘাসফুল শিবির।

বিগত কয়েকদিনের প্রবল বৃষ্টির প্রতিকূলতা কাটিয়ে মঙ্গলবার এই জনসভা ঘিরে দলীয় কর্মীদের মধ্যে ছিল ব্যাপক উন্মাদনা। তিনবারের বিধায়ক তথা চতুর্থবারের প্রার্থী সমীর কুমার জানার সমর্থনে এই সভায় প্রায় ৪০ হাজার মানুষের জমায়েত লক্ষ্য করা গেছে। হেলিকপ্টারে করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আগমনকে কেন্দ্র করে গোটা এলাকায় ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। পাথরপ্রতিমা তৃণমূলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত হওয়ায় এই জনসভা নির্বাচনী উত্তাপকে এক নতুন মাত্রায় পৌঁছে দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *