লেটেস্ট নিউজ

হাত বদলাতেই বদলে যাবে কলকাতার হাওয়া? কংগ্রেস ছেড়ে হঠাৎ বিজেপিতে পা রাখলেন সন্তোষ পাঠক – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতা: ২০২৬ সালের বিধানসভা ভোটের আগে খাস কলকাতায় বড়সড় ভাঙন দেখল কংগ্রেস। দীর্ঘদিন ধরে দলের চেনা মুখ এবং ৪৫ নম্বর ওয়ার্ডের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক অবশেষে গেরুয়া শিবিরে যোগ দিলেন। সোমবার সন্ধ্যায় নিউটাউনে বিজেপির কার্যালয়ে গিয়ে রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের হাত থেকে পদ্ম পতাকা তুলে নেন তিনি।

রাজনৈতিক মহলে দীর্ঘদিন ধরেই সন্তোষ পাঠকের দলবদল নিয়ে জল্পনা ছিল। চৌরঙ্গী বিধানসভা কেন্দ্রে এর আগে দুবার কংগ্রেসের টিকিটে লড়লেও জয়ের মুখ দেখেননি তিনি। তবে কাউন্সিলর হিসেবে দীর্ঘ ২২ বছরের অভিজ্ঞতা সম্পন্ন এই নেতাকে ঘিরে এখন নতুন সমীকরণ তৈরি হচ্ছে। শোনা যাচ্ছে, বিজেপি আগামী নির্বাচনে তাঁকে চৌরঙ্গী কেন্দ্র থেকেই প্রার্থী করতে পারে।

বিজেপিতে যোগ দিয়েই শাসক দল ও পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন সন্তোষ পাঠক। তিনি অভিযোগ করেন, গত নির্বাচনে পুলিশ ও তৃণমূল একজোট হয়ে তাঁর জেতা আসন ছিনিয়ে নিয়েছে। বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপিই এ রাজ্যে তৃণমূলকে ক্ষমতাচ্যুত করতে পারবে বলে তাঁর বিশ্বাস।

অন্যদিকে, সন্তোষ পাঠককে স্বাগত জানিয়ে শমীক ভট্টাচার্য বলেন, “তিনি কোনোদিন দলবদলের রাজনীতিতে বিশ্বাসী ছিলেন না। কিন্তু বর্তমান পরিস্থিতি তাঁকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে।” ভোটের আগে সন্তোষের এই দলবদল কলকাতার রাজনীতিতে কতটা প্রভাব ফেলবে, এখন সেটাই দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *