স্বাধীনতার ৭৮ বছর পার হলেও জোটেনি রাস্তা! ২০২৬ বিধানসভা ভোটের আগে চরম হুঁশিয়ারি জঙ্গলমহলে – এবেলা
এবেলা ডেস্কঃ
ঝালদা। “আগে রোড, পরে ভোট”—এই রণহুঙ্কারে উত্তাল পুরুলিয়ার জঙ্গলমহল। স্বাধীনতার পর থেকে একটা পাকা রাস্তার দেখা মেলেনি ঝালদা ২ নম্বর ব্লকের হরতান গ্রামে। রিগিদ গ্রাম পঞ্চায়েতের এই জনপদ এখন ক্ষোভে ফুঁসছে। বর্ষা নামলেই কর্দমাক্ত নরকযন্ত্রণা, অথচ প্রশাসনের ঝুলিতে কেবলই প্রতিশ্রুতির স্তূপ।
গ্রামবাসী ভক্তিপদ মাহাতো ও আরতী গোপদের স্পষ্ট কথা, দশকের পর দশক ধরে নেতারা ভোটের আগে হাতজোড় করে এসেছেন, কিন্তু ভোট মিটলেই গ্রাম ব্রাত্য। এবার তাই পিঠ দেওয়ালে ঠেকেছে। আগামী ২৩শে এপ্রিল বিধানসভা নির্বাচনে ভোট বয়কটের ডাক দিয়েছেন গ্রামবাসীরা। জেলা শাসক কোন্থাম সুধীর বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিলেও, হরতান গ্রামের মানুষ এবার আর ফাঁকা বুলিতে ভুলতে নারাজ। খানাখন্দে ভরা রাস্তায় দাঁড়িয়ে গ্রামবাসীর এক কথা, পাকা রাস্তা না হলে বুথমুখী হবেন না কেউ। এখন দেখার, এই ভোট বয়কটের ডাক প্রশাসনের ঘুম ভাঙাতে পারে কি না।

