আয়াতুল্লাহ খামেনেইর মৃত্যুতে ফুঁসছে মধ্যপ্রদেশের সন্ত সমাজ, বিশ্বজুড়ে প্রতিবাদের ঝড় – এবেলা
এবেলা ডেস্কঃ
আয়াতুল্লাহ আলী খামেনেইর মৃত্যুকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ উগরে দিয়েছে ভারতের মধ্যপ্রদেশের সন্ত সমাজ। অখিল ভারতীয় সন্ত সমিতির রাজ্য কার্যকরী সভাপতি স্বামী অনিলানন্দ এই নক্কারজনক ঘটনার কঠোর নিন্দা জানিয়ে আন্তর্জাতিক আইন নিয়ে বড়সড় প্রশ্ন তুলেছেন।
তিনি স্পষ্ট জানান, কোনো সমাজের ধর্মগুরুর ওপর হামলা বা তাকে হত্যা করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শিয়া সম্প্রদায়ের এই শীর্ষ নেতার বিশ্বজুড়ে কোটি কোটি অনুসারী রয়েছে, তাই এই ঘটনার প্রতিবাদ হওয়া অত্যন্ত স্বাভাবিক। স্বামী অনিলানন্দ প্রশ্ন তোলেন, কোনো শক্তিশালী রাষ্ট্র কি অন্য দেশে ঢুকে এভাবে কাউকে হত্যা করার অধিকার রাখে? এই ধরণের কাজ কেবল আন্তর্জাতিক শান্তি বিঘ্নিত করে না, বরং কোটি কোটি মানুষের ধর্মীয় অনুভূতিতে চরম আঘাত হানে। সন্ত সমাজের মতে, শক্তির দম্ভে অন্য দেশের অধিকার খর্ব করা এবং ধর্মগুরুদের লক্ষ্যবস্তু বানানো অত্যন্ত নিন্দনীয় ও বৈশ্বিক নিরাপত্তার জন্য বড় হুমকি।

