আরসিবির মালিকানায় মহাবিপ্লব! রেকর্ড ১৬ হাজার কোটি টাকায় দল কিনল আদিত্য বিড়লা গ্রুপ – এবেলা
এবেলা ডেস্কঃ
১৭ বছরের খরা কাটিয়ে চ্যাম্পিয়ন হতেই ভাগ্য খুলে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। ক্রিকেট ইতিহাসের সব রেকর্ড চুরমার করে দিয়ে বিশ্বের সবচেয়ে দামি ফ্র্যাঞ্চাইজি হিসেবে বিক্রি হয়ে গেল বিরাট কোহলিদের দল। ব্রিটিশ সংস্থা দিয়াজিও-র হাত থেকে আরসিবির মালিকানা এখন আদিত্য বিড়লা গ্রুপের নেতৃত্বাধীন এক শক্তিশালী কনসোর্টিয়ামের হাতে।
মঙ্গলবার সরকারিভাবে এই ঐতিহাসিক চুক্তিতে সিলমোহর পড়েছে। কুমার মঙ্গলম বিড়লার আদিত্য বিড়লা গ্রুপের সঙ্গে এই মালিকানায় যুক্ত হয়েছে টাইমস অফ ইন্ডিয়া গ্রুপ এবং মার্কিন বিনিয়োগকারী সংস্থা ব্ল্যাকস্টোন ও ডেভিড ব্লিৎজার। জানা গেছে, ১.৮ বিলিয়ন মার্কিন ডলার বা ভারতীয় মুদ্রায় প্রায় ১৬,৮৯০ কোটি টাকায় বিক্রি হয়েছে বেঙ্গালুরু। কয়েক ঘণ্টা আগেই রাজস্থান রয়্যালস ১৫,৩০০ কোটি টাকায় বিক্রি হয়ে রেকর্ড গড়েছিল, কিন্তু দিন শেষ হওয়ার আগেই সেই নজির ভেঙে দিল আরসিবি।
আর্থিক সংকটে থাকা দিয়াজিও পিএলসি আইপিএল জয়ের পরেই দল বিক্রির প্রক্রিয়া শুরু করেছিল। শেষ পর্যন্ত আকাশছোঁয়া দরে বাজিমাত করল বিড়লারা। ফলে আগামী মরশুম থেকে সম্পূর্ণ নতুন ম্যানেজমেন্টের অধীনে মাঠে নামবেন বিরাট কোহলি ও রজত পাটিদাররা। ভারতীয় ক্রীড়া জগতের ইতিহাসে এই ডিল এক নতুন যুগের সূচনা করল।

