মহার্ঘ্য হতে পারে বালতি থেকে বোতল, ইরান যুদ্ধের কোপে ধুঁকছে দেশের প্লাস্টিক শিল্প – এবেলা
এবেলা ডেস্কঃ
পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে গভীর সংকটে ভারতের প্লাস্টিক শিল্প। কাঁচামালের আকাশছোঁয়া দাম এবং জোগানে টান পড়ায় অস্তিত্ব সংকটে ভুগছে প্রায় ৭০ হাজার ছোট ও মাঝারি সংস্থা। ইন্ডিয়ান প্লাস্টিক অ্যাসোসিয়েশনের দাবি, গত এক মাসে পলিমারের দাম বেড়েছে ৫০ থেকে ৭০ শতাংশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে সাধারণ মানুষের নিত্যব্যবহার্য পণ্যের দাম নাগালের বাইরে চলে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।
সংকটের মূল কারণসমূহ
- কাঁচামালের অভাব: প্লাস্টিক তৈরির প্রধান উপাদান পলিমার আসে অশোধিত তেল ও গ্যাস থেকে। যুদ্ধের কারণে আমদানিতে টান পড়েছে।
- অস্বাভাবিক মূল্যবৃদ্ধি: সপ্তাহে তিন-চারবার বাড়ছে কাঁচামালের দাম। ফলে উৎপাদন খরচ বেড়েছে প্রায় ৫০ শতাংশ।
- আর্থিক ক্ষতি: সরকারি টেন্ডার বা পুরনো চুক্তির পণ্য আগের দামেই সরবরাহ করতে হচ্ছে, যা ক্ষুদ্র শিল্পে বড় লোকসান ডেকে আনছে।
- কর্মসংস্থান বিপন্ন: শুধু পশ্চিমবঙ্গেই ৫০০০ সংস্থায় যুক্ত প্রায় ৫০ হাজার শ্রমিকের রুটি-রুজি এখন অনিশ্চিত।
শিল্পমহলের দাবি
ইন্ডিয়ান প্লাস্টিক ফেডারেশন (আইপিএফ) কেন্দ্র সরকারের কাছে বিশেষ আর্জি জানিয়েছে। তাদের দাবি, যুদ্ধের প্রভাব মোকাবিলায় সাময়িকভাবে আমদানি শুল্ক কমানো হোক। পাশাপাশি, চিন বা সিঙ্গাপুর থেকে সস্তায় কাঁচামাল আনার পথ সুগম করতে অ্যান্টি-ডাম্পিং নীতি স্থগিত রাখার প্রস্তাব দিয়েছেন তারা। ব্যাংক ঋণের ঊর্ধ্বসীমা বাড়িয়ে এই শিল্পকে বাঁচানোর আবেদনও জানানো হয়েছে।

