সপ্তাহান্তে ঝড়-বৃষ্টির ভ্রুকুটি বঙ্গে, সোমবার থেকে ফের বাড়বে তাপমাত্রা – এবেলা
এবেলা ডেস্কঃ
রাজ্যে ফের আবহাওয়ার ভোলবদল হতে চলেছে। বুধ ও বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা কম থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি ও তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। তবে শুক্রবার থেকেই আবহাওয়া বদলে যাবে এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়-বৃষ্টির দাপট শুরু হবে। সপ্তাহান্ত জুড়ে কলকাতা-সহ বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।
শুক্রবার ও শনিবার দক্ষিণবঙ্গের বাঁকুড়া, বর্ধমান ও ঝাড়গ্রামের মতো জেলাগুলিতে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এই দুর্যোগপূর্ণ পরিস্থিতির জন্য আবহাওয়া দপ্তর ইতিমত্যেই হলুদ সতর্কতা জারি করেছে। অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারেও শুক্রবার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার বৃষ্টির তীব্রতা কিছুটা কমলেও ঝোড়ো হাওয়ার দাপট বজায় থাকবে।
আগামী সোমবার থেকে আবহাওয়া পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। সপ্তাহের শুরু থেকেই আকাশ পরিষ্কার হতে শুরু করবে এবং বৃষ্টির দাপট কমবে। তবে আবহাওয়া শান্ত হওয়ার পাশাপাশি তাপমাত্রার পারদ ফের ঊর্ধ্বমুখী হবে। আবহাওয়া দপ্তরের মতে, সোমবারের পর থেকে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে, যা পুনরায় গরমের অস্বস্তি বাড়িয়ে তুলবে।

