আকাশ থেকে ঝাঁপ দেবে ১০০০ মার্কিন কমান্ডো! ইরান যুদ্ধে ট্রাম্পের হুঙ্কার আর আমেরিকার নতুন চাল – এবেলা
এবেলা ডেস্কঃ
ইরান ও আমেরিকার চলমান উত্তেজনার মাঝে মধ্যপ্রাচ্যে ১০০০ বিশেষ প্যারাসুট কমান্ডো পাঠানোর সিদ্ধান্ত নিল ওয়াশিংটন। মার্কিন সেনাবাহিনীর ‘৮২তম এয়ারবোর্ন ডিভিশন’-এর এই দুর্ধর্ষ সেনাদল যেকোনো প্রতিকূল পরিস্থিতিতে আকাশ থেকে ঝাঁপিয়ে পড়ে রণক্ষেত্র দখলে পারদর্শী। কয়েক দিনের মধ্যেই এই বিশাল বাহিনীকে রণক্ষেত্রে মোতায়েন করা হবে বলে পেন্টাগন সূত্রে খবর।
এর আগে হাজার হাজার মেরিন সেনা পাঠানোর ঘোষণার পর এবার এই বিশেষ কমান্ডো বাহিনী মোতায়েন করায় মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তাপ কয়েক গুণ বেড়ে গেল। মেরিন সেনারা সাধারণত দূতাবাস সুরক্ষা ও উদ্ধারকাজে দক্ষ হলেও, এই এয়ারবোর্ন ডিভিশন মূলত শত্রুঘাঁটি ও বিমানবন্দর দ্রুত কবজায় নিতে পটু।
এদিকে হোয়াইট হাউসে দাঁড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এই যুদ্ধে কার্যত মৃত। ট্রাম্পের মতে, তেহরানের নৌ ও বিমানবাহিনী এবং যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। তিনি বলেন, “আমরা এই যুদ্ধে জিতে গেছি। আমাদের যুদ্ধবিমান ইরানের যেকোনো শহরের ওপর দিয়ে অবলীলায় উড়ে যেতে পারে, রুখে দেওয়ার ক্ষমতা কারোর নেই।” মার্কিন প্রেসিডেন্ট আরও স্পষ্ট করে দিয়েছেন যে, সামরিকভাবে পঙ্গু হয়ে পড়া ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না।

