কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় দাউদাউ আগুন, মধ্যরাতে বন্ধ বিমান পরিষেবা – এবেলা
এবেলা ডেস্কঃ
আবারও ড্রোন হামলায় কেঁপে উঠল কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর। সোমবার রাত ২টো নাগাদ সরাসরি বিমানবন্দরের জ্বালানি ট্যাঙ্কে আঘাত হানে ঘাতক ড্রোন। মুহূর্তের মধ্যে দাউদাউ করে জ্বলে ওঠে আগুন। এই ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে আপাতত সমস্ত বাণিজ্যিক উড়ান পরিষেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।
কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (GACA) জানিয়েছে, দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। মুখপাত্র আবদুল্লাহ আল-রাজহি নিশ্চিত করেছেন যে এই হামলায় পরিকাঠামোগত ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও এখনও পর্যন্ত কোনও প্রাণহানির খবর মেলেনি।
এর আগে গত ২৮ ফেব্রুয়ারি এই বিমানবন্দরেই ড্রোন হামলায় প্যাসেঞ্জার টার্মিনাল ক্ষতিগ্রস্ত হয়েছিল। দফায় দফায় এমন আক্রমণের জেরে বিমানবন্দরের নিরাপত্তা ও স্বাভাবিক কাজকর্ম বড়সড় প্রশ্নের মুখে পড়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিমানবন্দর খোলার সম্ভাবনা ক্ষীণ বলে মনে করা হচ্ছে।

