রান্নার গ্যাস বুকিংয়ে বড় পরিবর্তন, সিলিন্ডার পেতে মানতে হবে নতুন সময়সীমা – এবেলা
এবেলা ডেস্কঃ
দেশে এলপিজি সরবরাহে সাময়িক ঘাটতি মেটাতে রান্নার গ্যাস বুকিংয়ের নিয়মে আমূল পরিবর্তন আনল রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে যাদের বাড়িতে দুটি সিলিন্ডার রয়েছে, তারা পরবর্তী রিফিল পেতে কমপক্ষে ৩৫ দিন অপেক্ষা করতে হবে। অন্যদিকে, উজ্জ্বলা যোজনার গ্রাহকদের ক্ষেত্রে এই ব্যবধান বাড়িয়ে ৪৫ দিন করা হয়েছে। তবে একটি সিলিন্ডার থাকা গ্রাহকদের জন্য নিয়ম অপরিবর্তিত থাকছে, তারা ২৫ দিন অন্তর বুকিং করতে পারবেন।
পেট্রোলিয়াম মন্ত্রকের মতে, হরমোজ প্রণালীতে ভূ-রাজনৈতিক অস্থিরতা এবং সাধারণ মানুষের অতিরিক্ত মজুত করার প্রবণতার ফলে এই কৃত্রিম সংকট তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এখন থেকে বাণিজ্যিক সিলিন্ডার সরবরাহ শুধুমাত্র জরুরি পরিষেবা ও শিক্ষা প্রতিষ্ঠানের জন্য সীমাবদ্ধ রাখা হয়েছে। এছাড়া, বছরে ১২টি ভর্তুকিযুক্ত সিলিন্ডারের কোটা শেষ হলে পরবর্তী বুকিংয়ের জন্য গ্রাহকদের পরিবারের সদস্য সংখ্যা ও প্রয়োজনীয়তার তথ্য অ্যাপের মাধ্যমে যাচাই করতে হবে।
প্রতারণা রুখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে এখন থেকে সিলিন্ডার ডেলিভারির সময় ফোনে আসা ওটিপি (OTP) দেখানো বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি, তেল সংস্থাগুলির পক্ষ থেকে জানানো হয়েছে যে সকল গ্রাহক এখনো ই-কেওয়াইসি (e-KYC) প্রক্রিয়া সম্পন্ন করেননি, তাদের বুকিং বাতিল হতে পারে। সাধারণ মানুষকে গুজবে কান না দেওয়ার অনুরোধ জানিয়ে প্রশাসন আশ্বস্ত করেছে যে দেশে জ্বালানির পর্যাপ্ত স্টক রয়েছে।

