ইরান-আমেরিকা যুদ্ধ থামাতে পারে একমাত্র ভারত, ইজরায়েলের বিস্ফোরক দাবিতে তোলপাড় বিশ্ব – এবেলা
এবেলা ডেস্কঃ
বিশ্বজুড়ে চরম উত্তেজনা ছড়িয়ে ইরান ও আমেরিকার যুদ্ধ যখন তুঙ্গে, ঠিক তখনই আসরে নামল ইজরায়েল। দিল্লি স্থিত ইজরায়েলি রাষ্ট্রদূত রুভেন আজার এক চাঞ্চল্যকর বিবৃতিতে জানিয়েছেন যে, এই রক্তক্ষয়ী সংঘাত বন্ধ করতে ভারতের ভূমিকা হতে পারে সবথেকে নির্ণায়ক। পশ্চিম এশিয়ায় ভারতের বিশাল অর্থনৈতিক স্বার্থ এবং ইরান ও ইজরায়েল উভয়ের সঙ্গেই সুসম্পর্ক থাকায় মোদী সরকারই এখন শান্তির একমাত্র চাবিকাঠি বলে মনে করছে আন্তর্জাতিক মহল।
হোরমুজ প্রণালী অবরুদ্ধ হওয়ায় ভারতে রান্নার গ্যাস ও অপরিশোধিত তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। মাঝসমুদ্রে আটকে পড়েছে ভারতের ২০টি জাহাজ। যদিও যুদ্ধের আবহে ভারতের বিশেষ অনুরোধে একটি জাহাজ ছেড়ে দিয়েছে ইরান। এই পরিস্থিতিতে ভারত যদি মধ্যস্থতা করে, তবে কেবল তেলের দাম নিয়ন্ত্রণ নয়, বরং গোটা বিশ্বের অর্থনীতি রক্ষা পাবে। ইজরায়েলের দাবি, ভারত এখন এক বিশ্ব অর্থনৈতিক মহাশক্তি, যার কথা ইরান ও আমেরিকা উভয়ই শুনতে বাধ্য। পাকিস্তান বা তুরস্কের বদলে ভারতের ওপরই এখন ভরসা রাখছে ইজরায়েল।

