ভবানীপুরে শুভেন্দু ঘনিষ্ঠ রিটার্নিং অফিসার নিয়োগের অভিযোগ, কমিশনে সরব তৃণমূল – এবেলা
এবেলা ডেস্কঃ
রাজ্যে বিধানসভা নির্বাচনের আবহে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরিয়ে নতুন নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন। এই প্রক্রিয়ায় হাইভোল্টেজ ভবানীপুর কেন্দ্রে রিটার্নিং অফিসার হিসেবে সুরজিৎ রায়ের নাম সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কেন্দ্রে নতুন অফিসারের নিয়োগ নিয়ে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে।
তৃণমূল কংগ্রেসের অভিযোগ, নবনিযুক্ত রিটার্নিং অফিসার সুরজিৎ রায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অত্যন্ত ঘনিষ্ঠ। শাসকদলের দাবি, নির্বাচনী প্রক্রিয়ায় বিশেষ সুবিধা পেতেই প্রভাব খাটিয়ে এই নিয়োগ করা হয়েছে। এই বিষয়ে নিরপেক্ষতার প্রশ্ন তুলে ইতিমধ্যেই নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূল নেতৃত্ব।
তৃণমূলের গড় হিসেবে পরিচিত ভবানীপুরে এবারও প্রার্থী খোদ মুখ্যমন্ত্রী। অন্যদিকে, শুভেন্দু অধিকারীও এই কেন্দ্রে লড়াইয়ের ময়দানে রয়েছেন। ভোট পরিচালনার প্রাথমিক দায়িত্ব থাকা রিটার্নিং অফিসারের পরিবর্তন এবং তাঁর রাজনৈতিক ঘনিষ্ঠতার অভিযোগ ঘিরে নির্বাচনের প্রাক্কালে শাসক-বিরোধী সংঘাত তুঙ্গে পৌঁছেছে।

