ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ রিটার্নিং অফিসার নিয়োগের অভিযোগ তৃণমূলের – এবেলা
এবেলা ডেস্কঃ
রাজ্যে বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই প্রশাসনিক রদবদল নিয়ে সরগরম রাজনৈতিক মহল। সম্প্রতি নির্বাচন কমিশন রাজ্যের ৭৩ জন রিটার্নিং অফিসারকে একযোগে সরিয়ে নতুন আধিকারিক নিয়োগের নির্দেশ দিয়েছে। এই তালিকায় থাকা কলকাতার হাই-প্রোফাইল কেন্দ্র ভবানীপুরের রিটার্নিং অফিসার বদল ঘিরে দানা বেঁধেছে নতুন বিতর্ক।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুরে নতুন রিটার্নিং অফিসার হিসেবে সুরজিৎ রায়ের নাম সামনে আসতেই নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূল কংগ্রেস। শাসক দলের অভিযোগ, নবনিযুক্ত এই আধিকারিক রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অত্যন্ত ঘনিষ্ঠ। তৃণমূলের দাবি, নির্বাচনের নিরপেক্ষতা বজায় রাখতে এই নিয়োগ পুনর্বিবেচনা করা প্রয়োজন।
উল্লেখ্য, এবারের নির্বাচনে শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুর থেকেও প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই প্রেক্ষাপটে পছন্দের অফিসার নিয়োগ করে বিজেপি নির্বাচনী সুবিধা নেওয়ার চেষ্টা করছে বলে সরব হয়েছে তৃণমূল। প্রার্থীর মনোনয়ন গ্রহণ থেকে ভোট পরিচালনার প্রাথমিক দায়িত্ব থাকা রিটার্নিং অফিসারের এই বদলি ঘিরে বর্তমানে রাজ্য রাজনীতিতে ব্যাপক শোরগোল তৈরি হয়েছে।

