লেটেস্ট নিউজ

পাক জেলে বুশরা বিবির সঙ্গে অমানবিক আচরণ, বিচারব্যবস্থাকে তোপ ইমরান খানের – এবেলা

এবেলা ডেস্কঃ

পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান অভিযোগ করেছেন যে, তাঁকে মানসিকভাবে ভেঙে দিতে তাঁর স্ত্রী বুশরা বিবির ওপর কারাগারে অমানবিক নির্যাতন চালানো হচ্ছে। সম্প্রতি ইদ উপলক্ষে ছেলে কাশিম খানের সঙ্গে কথোপকথনের সময় তিনি এই ক্ষোভ উগরে দেন। ইমরানের দাবি, তাঁকে ব্ল্যাকমেল করার উদ্দেশ্যেই বুশরা বিবিকে নির্জন কারাকক্ষে বন্দি করে রাখা হয়েছে এবং সপ্তাহে মাত্র ৩০ মিনিট সাক্ষাতের অনুমতি দেওয়া হচ্ছে।

সাবেক এই পাক রাষ্ট্রপ্রধান দেশের বিচারব্যবস্থার কঠোর সমালোচনা করে বলেন, বিচারপতিরা নিজেদের আত্মসম্মান বিসর্জন দিয়ে ব্যক্তিগত স্বার্থে বিক্রি হয়ে গেছেন। বুশরা বিবির প্রতি প্রশাসনের আচরণকে তিনি অত্যন্ত মর্যাদাহানিকর বলে অভিহিত করেছেন। উল্লেখ্য, ১৯০ মিলিয়ন ইউরোর দুর্নীতি মামলায় ইমরান ১৪ বছর এবং বুশরা বিবি ৭ বছরের কারাদণ্ড ভোগ করছেন।

দীর্ঘদিন জেলবন্দি ইমরানের শারীরিক অবস্থা নিয়েও আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে তাঁর ডান চোখের দৃষ্টিশক্তি হারানোর গুঞ্জন জোরালো হওয়ায় সুনীল গাভাসকর ও কপিল দেবের মতো ১৪ জন কিংবদন্তি ক্রিকেটার তাঁর সুচিকিৎসার দাবি জানিয়েছেন। এরই মধ্যে স্ত্রীর ওপর নির্যাতনের অভিযোগ তুলে ফের নতুন করে সরব হলেন পিটিআই নেতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *