লেটেস্ট নিউজ

১৫ দফা শর্তে ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাব, আলোচনার কেন্দ্রে পাকিস্তান – এবেলা

এবেলা ডেস্কঃ

ইরান ও আমেরিকার সংঘাতের আবহে বিশ্ব রাজনীতিতে এক নাটকীয় মোড় এল। তেহরানকে দমানোর লড়াইয়ে কার্যত বেকায়দায় পড়ে এবার ১৫ দফা শান্তি প্রস্তাবের পথে হাঁটল ট্রাম্প প্রশাসন। তবে এই গোটা প্রক্রিয়ার সবথেকে চমকপ্রদ দিক হলো পাকিস্তানের ভূমিকা। দীর্ঘদিনের কূটনৈতিক টানাপড়েন সরিয়ে ইসলামাবাদ এখন হতে চলেছে শান্তি আলোচনার মূল মঞ্চ।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই নতুন ‘ডিল’ অনুযায়ী, ইরানের পারমাণবিক কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় কঠোর নিয়ন্ত্রণ এবং হরমুজ প্রণালী পুনরায় সচল করার মতো একাধিক শর্ত রাখা হয়েছে। এক মাসের যুদ্ধবিরতির মাধ্যমে আলোচনার পরিবেশ তৈরির কথা বলা হলেও তেহরান এই কড়া শর্তে কতটা রাজি হবে, তা নিয়ে বড়সড় প্রশ্ন চিহ্ন থেকেই যাচ্ছে।

কূটনৈতিক সূত্রে খবর, পাকিস্তানের মাধ্যমেই এই প্রস্তাব ইরানের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের মধ্যস্থতার আহ্বানে ট্রাম্পের ইতিবাচক সাড়া ইসলামাবাদের জন্য এক বিরাট কূটনৈতিক সুযোগ হিসেবে দেখা দিচ্ছে। মার্কিন প্রতিনিধি দলে স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনারের মতো হেভিওয়েট নাম শোনা গেলেও ইরান স্পষ্ট জানিয়েছে যে তারা সহজে হার মানবে না। পালটা ক্ষতিপূরণ এবং হরমুজ প্রণালীর পূর্ণ নিয়ন্ত্রণের দাবিতে অনড় রয়েছে তেহরান। ইজরায়েলি হামলা আর ইরানের পালটা মেজাজের মাঝে এই আলোচনার ভবিষ্যৎ এখন কোন দিকে যায়, সেদিকেই তাকিয়ে গোটা বিশ্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *