শেষ মুহূর্তে টিকিট বাতিল? আর মিলবে না টাকা! ১ এপ্রিল থেকে ভারতীয় রেলে আসছে বড় বদল – এবেলা
এবেলা ডেস্কঃ
রেলযাত্রীদের জন্য টিকিট বাতিলের নিয়মে এক আমূল পরিবর্তন আনল ভারতীয় রেলওয়ে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন যে, মূলত দালালচক্র এবং শেষ মুহূর্তের টিকিট কালোবাজারি রুখতেই এই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। আগামী ১ এপ্রিল থেকে ১৫ এপ্রিলের মধ্যে ধাপে ধাপে সারা দেশে কার্যকর হতে চলেছে এই নতুন নিয়ম।
কী কী বদল আসছে বাতিলের নিয়মে? সবচেয়ে বড় পরিবর্তন এসেছে ‘নো রিফান্ড’ বা টাকা ফেরত না পাওয়ার সময়সীমার ক্ষেত্রে। আগে ট্রেন ছাড়ার ৪ ঘণ্টা আগে পর্যন্ত টিকিট বাতিল করলে আংশিক টাকা ফেরত পাওয়া যেত, কিন্তু নতুন নিয়মে সেই সময় বাড়িয়ে ৮ ঘণ্টা করা হয়েছে। অর্থাৎ, যাত্রা শুরুর ৮ ঘণ্টার কম সময়ের মধ্যে টিকিট বাতিল করলে কোনো রিফান্ড পাওয়া যাবে না।
একইভাবে জরিমানার সময়সীমাও ২৪ ঘণ্টা এগিয়ে আনা হয়েছে। আগে যেখানে যাত্রা শুরুর ৪৮ ঘণ্টা আগে টিকিট বাতিল করলে নির্দিষ্ট চার্জ কাটা হতো, এখন সেই সময়সীমা বাড়িয়ে ৭২ ঘণ্টা করা হয়েছে।
নতুন রিফান্ড কাঠামো একনজরে
- ৭২ ঘণ্টা থেকে ২৪ ঘণ্টার মধ্যে টিকিট বাতিল করলে ভাড়ার ২৫ শতাংশ কাটা হবে।
- ২৪ ঘণ্টা থেকে ৮ ঘণ্টার মধ্যে বাতিল করলে ভাড়ার ৫০ শতাংশ কাটা হবে।
- ৮ ঘণ্টার কম সময় থাকলে কোনো টাকাই ফেরত পাওয়া যাবে না।
আগে এই ২৫ শতাংশ ও ৫০ শতাংশ জরিমানা যথাক্রমে ৪৮ থেকে ১২ ঘণ্টা এবং ১২ থেকে ৪ ঘণ্টার মধ্যে কার্যকর হতো। রেলের এই নতুন সিদ্ধান্তের ফলে সাধারণ যাত্রীদের এখন থেকে অনেক আগেভাগে সিদ্ধান্ত নিতে হবে।
বাড়ছে কিছু সুবিধাও কড়াকড়ির পাশাপাশি কিছু নতুন সুবিধাও দিচ্ছে রেল। এখন থেকে ট্রেন ছাড়ার ৩০ মিনিট আগে পর্যন্ত অনলাইনে বোর্ডিং স্টেশন পরিবর্তন করা যাবে। আগে যা শুধুমাত্র চার্ট তৈরির আগে পর্যন্ত সীমাবদ্ধ ছিল। পাশাপাশি কাউন্টার থেকে কাটা টিকিটের ক্লাস আপগ্রেড করার সুযোগও শেষ মুহূর্ত পর্যন্ত পাওয়া যাবে।
রেলমন্ত্রী জানিয়েছেন, দালালরা একসঙ্গে অনেক টিকিট বুক করে রাখত এবং বিক্রির অভাবে শেষ মুহূর্তে তা বাতিল করে টাকা ফেরত নিয়ে নিত। নতুন নিয়মে সেই পথ পুরোপুরি বন্ধ হবে। ইতিমধ্যেই প্রায় ৩ কোটি সন্দেহজনক ইউজার আইডি বন্ধ করে দিয়েছে রেল কর্তৃপক্ষ।

