জ্বালানি সংকটে এশিয়া: পাকিস্তান-বাংলাদেশে কঠোর বিধিনিষেধ, বিভিন্ন দেশে জরুরি অবস্থা – এবেলা
এবেলা ডেস্কঃ
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তীব্র জ্বালানি সংকট দেখা দিয়েছে, যার বড় প্রভাব পড়েছে এশিয়ায়। ইরান থেকে তেল ও গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটায় ভারত, বাংলাদেশ ও পাকিস্তানের মতো দেশগুলো গভীর উদ্বেগের মুখে। পরিস্থিতি সামাল দিতে দক্ষিণ এশিয়ার দেশগুলো জ্বালানির ব্যবহার কমাতে নানাবিধ কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে।
পাকিস্তানে জ্বালানি সাশ্রয়ে স্কুল-কলেজ দুই সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে এবং সরকারি কর্মীদের অর্ধেককে ‘ওয়ার্ক ফ্রম হোম’-এর নির্দেশ দেওয়া হয়েছে। বাংলাদেশেও পরিস্থিতি মোকাবিলায় শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইন ক্লাস চালু এবং জ্বালানি রেশনিং ব্যবস্থা কার্যকর করা হয়েছে। অন্যদিকে, শ্রীলঙ্কায় অতিরিক্ত সাপ্তাহিক ছুটি এবং মিয়ানমারে গাড়ির জন্য ‘অড-ইভেন’ নিয়ম প্রবর্তন করা হয়েছে।
ফিলিপিন্স ইতিমধ্যেই জাতীয় জ্বালানি জরুরি অবস্থা ঘোষণা করে বিশেষ কমিটি গঠন করেছে। চীন ও দক্ষিণ কোরিয়া বিকল্প উপায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে এবং ভিয়েতনামে গণপরিবহন ও সাইকেল ব্যবহারে উৎসাহ দেওয়া হচ্ছে। পশ্চিম এশিয়ার এই অস্থিরতা দীর্ঘস্থায়ী হলে এশিয়ার দেশগুলোতে জ্বালানি সংকট আরও ঘনীভূত হওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

