শচীন ও ধোনিই সেরা, তর্কের অবসান ঘটিয়ে অকপট সৌরভ গঙ্গোপাধ্যায় – এবেলা
এবেলা ডেস্কঃ
ভারতীয় ক্রিকেটে শচীন তেন্ডুলকর না বিরাট কোহলি—সেরা ব্যাটার কে, এই দীর্ঘকালীন বিতর্কের অবসান ঘটালেন প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। সতীর্থ হিসেবে দীর্ঘ ১৪ বছর শচীনকে খুব কাছ থেকে দেখার অভিজ্ঞতা ভাগ করে নিয়ে তিনি জানান, দুই প্রজন্মের ব্যাটারের মধ্যে তুলনা চলে না। বাঘা বাঘা বোলারদের বিরুদ্ধে শচীনের রান করার দক্ষতা তাঁকে অনন্য উচ্চতায় বসিয়েছে। সৌরভের মতে, শচীন তেন্ডুলকরই ক্রিকেট বিশ্বের মহানতম ব্যাটার।
একইসাথে সীমিত ওভারের ক্রিকেটে মহেন্দ্র সিং ধোনিকে সর্বকালের সেরা অধিনায়ক হিসেবে বেছে নিয়েছেন মহারাজ। ধোনির নেতৃত্বে ভারতের টি-টোয়েন্টি ও ওয়ানডে বিশ্বকাপ জয়ের সাফল্যের কথা স্মরণ করে তিনি অকপটে স্বীকার করেন যে, অধিনায়ক হিসেবে ধোনি তাঁর চেয়েও অনেক বেশি সফল ও দক্ষ। বিশেষ করে ক্যারিয়ারের শুরুতে ধোনির বিধ্বংসী ব্যাটিং এবং চাপের মুখে সাবলীল পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করেন তিনি।
সৌরভ আরও উল্লেখ করেন যে, ধোনির উত্থান ভারতীয় ক্রিকেটের মানচিত্র বদলে দিয়েছে। ঝাড়খণ্ডের মতো ছোট শহর থেকে উঠে এসে ধোনি নিজেকে যেভাবে প্রতিষ্ঠিত করেছেন, তা আজ ঈশান কিষান বা বৈভব সূর্যবংশীর মতো তরুণ ক্রিকেটারদের অনুপ্রাণিত করছে। ধোনির অভাবনীয় সাফল্যই আজ প্রান্তিক অঞ্চল থেকে নতুন প্রতিভা তুলে আনার পথ প্রশস্ত করেছে বলে মনে করেন টিম ইন্ডিয়ার প্রাক্তন এই কাপ্তান।

