লেটেস্ট নিউজ

অনুমতি ছাড়াই দলের পদ! হুমায়ুন কবীরের বিরুদ্ধে সরব সুমন বিশ্বাস – এবেলা

এবেলা ডেস্কঃ

শিক্ষক নিয়োগ আন্দোলনের পরিচিত মুখ সুমন বিশ্বাসকে তাঁর অনুমতি ছাড়াই রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ পদে বসানোর অভিযোগ উঠল আমজনতা উন্নয়ন পার্টির বিরুদ্ধে। বিধায়ক হুমায়ুন কবীরের নেতৃত্বাধীন এই দলের ফেসবুক পেজে সুমন বিশ্বাসের নাম মুখপাত্র ও সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়েছে। এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে আন্দোলনকারী শিক্ষক নেতা দাবি করেছেন যে, তিনি কোনো রাজনৈতিক দলেই যোগ দেননি এবং তাঁর অজান্তেই এই পদ দেওয়া হয়েছে।

সুমন বিশ্বাসের অভিযোগ, গত জানুয়ারি মাসে হুমায়ুন কবীরের ভেরিফাইড ফেসবুক পেজে পদাধিকারীদের যে তালিকা প্রকাশ করা হয়, তাতে তাঁর নাম ও মোবাইল নম্বর ব্যবহার করা হয়েছে। বিষয়টি নজরে আসার পর তিনি দলের চেয়ারম্যানকে লিখিতভাবে নাম প্রত্যাহারের আবেদন জানালেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। উল্টো তাঁকে ‘নিমকহারাম’ বলে কটাক্ষ করা হয়েছে বলে তাঁর দাবি। এই ঘটনায় কোনো গভীর ষড়যন্ত্র রয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

চাকরিহারা ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকার হয়ে আন্দোলন চালানো সুমন বিশ্বাস স্পষ্ট জানিয়েছেন, তিনি কেবল যোগ্য প্রার্থীদের অধিকার আদায়ের লড়াইয়েই সীমাবদ্ধ থাকতে চান। বিধানসভায় তাঁদের সমস্যা তুলে ধরার জন্য বিভিন্ন রাজনৈতিক নেতার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হলেও, সেটিকে দলে যোগদানের ভিত্তি হিসেবে ব্যবহার করা অনুচিত। ভোটের আবহে তাঁর নাম ফেসবুক থেকে দ্রুত সরিয়ে ফেলার জন্য তিনি পুনরায় আর্জি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *