পিএনজি সংযোগ না নিলে মিলবে না রান্নার গ্যাস, কড়া নির্দেশিকা কেন্দ্রের – এবেলা
এবেলা ডেস্কঃ
পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির জেরে দেশে তীব্র জ্বালানি সংকট দেখা দিয়েছে। হরমুজ প্রণালী অবরুদ্ধ হওয়ায় তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) আমদানিতে বড়সড় প্রভাব পড়েছে। এই পরিস্থিতিতে আমদানিনির্ভরতা কমাতে এবং যোগান স্বাভাবিক রাখতে দেশজুড়ে নলবাহিত প্রাকৃতিক গ্যাস বা পিএনজি (PNG) ব্যবহারে বিশেষ জোর দিচ্ছে কেন্দ্রীয় সরকার।
নতুন নির্দেশিকা অনুযায়ী, যেসব এলাকায় পিএনজি সংযোগ নেওয়ার সুযোগ রয়েছে, সেখানে গ্রাহকদের জন্য এই পরিষেবা গ্রহণ করা বাধ্যতামূলক করা হয়েছে। আগামী তিন মাসের মধ্যে নির্দিষ্ট অঞ্চলের গ্রাহকরা পিএনজি সংযোগ না নিলে তাঁদের বর্তমান এলপিজি সিলিন্ডার সরবরাহ স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হবে। এতদিন এই সংযোগ ঐচ্ছিক থাকলেও বর্তমান সংকটে সরকার কঠোর অবস্থান নিয়েছে।
দেশের মোট এলপিজি চাহিদার প্রায় ৬০ শতাংশ বিদেশ থেকে আমদানি করতে হয়, যা যুদ্ধের কারণে ব্যাহত হচ্ছে। অন্যদিকে, পিএনজি দেশেই উৎপাদিত হয় এবং এর একাধিক উৎস রয়েছে। দ্রুত পরিষেবা নিশ্চিত করতে কর্তৃপক্ষকে গৃহস্থালির আবেদনের তিন দিনের মধ্যে অনুমতি এবং ৪৮ ঘণ্টার মধ্যে সংযোগ প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। তবে প্রযুক্তিগত কারণে সব এলাকায় এখনও এই পরিষেবা পৌঁছানো সম্ভব হয়নি।

