কালো ছেলের জন্য চকোলেট কেক! ভারতীয় ড্রেসিংরুমে বর্ণবিদ্বেষ নিয়ে বিস্ফোরক শিবরামকৃষ্ণন – এবেলা
এবেলা ডেস্কঃ
ভারতীয় ক্রিকেটের অন্দরমহলে কি শুধুই গ্ল্যামার? পর্দার আড়ালে লুকিয়ে থাকা এক অন্ধকার ও তিক্ত সত্য সামনে আনলেন প্রাক্তন স্পিনার লক্ষ্মণ শিবরামকৃষ্ণন। প্রতিভা থাকা সত্ত্বেও কেন দীর্ঘস্থায়ী হলো না তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ার, সেই রহস্যের জট খুলতেই বেরিয়ে এলো বর্ণবিদ্বেষের ভয়াবহ সব অভিজ্ঞতা। মাত্র ১৪ বছর বয়সে চিপক স্টেডিয়ামে নেট বোলার হিসেবে যোগ দিয়ে এক সিনিয়র ক্রিকেটারের জুতো পরিষ্কার করার নির্দেশ থেকে শুরু করে নিজের ১৭তম জন্মদিনে সতীর্থদের চরম অপমান— সবটাই আজ প্রকাশ্যে।
শিবরামকৃষ্ণন জানান, তাঁর জন্মদিনে এক সিনিয়র ক্রিকেটার বিদ্রূপ করে বলেছিলেন, “কালো ছেলের জন্য চকোলেট কেক! সানি, তুমি একদম ঠিক রঙের কেক এনেছ।” এই মন্তব্যে কান্নায় ভেঙে পড়েছিলেন তরুণ শিব, এমনকি কেক কাটতেও অস্বীকার করেছিলেন। শেষ পর্যন্ত সুনীল গাভাসকরের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। শুধু তাই নয়, জাতীয় দলে থাকাকালীন গায়ের রঙের কারণে এতটাই কোণঠাসা বোধ করতেন যে, ভারতীয় ড্রেসিংরুমের চেয়ে ওয়েস্ট ইন্ডিজের সাজঘরেই বেশি সময় কাটাতেন তিনি। ম্যালকম মার্শাল ও ডেসমন্ড হেনসদের মতো ক্যারিবিয়ান কিংবদন্তিরাই ছিল তাঁর পরম বন্ধু।
দীর্ঘ ২৩ বছর ধারাভাষ্যের সঙ্গে যুক্ত থাকার পর সম্প্রতি বিসিসিআই-এর বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে সরে দাঁড়িয়েছেন তিনি। তাঁর দাবি, যোগ্য হওয়া সত্ত্বেও শুধুমাত্র গায়ের রঙের কারণেই তাঁকে পর্যাপ্ত সুযোগ দেওয়া হয়নি। ক্রিকেটের নন্দনকাননে বর্ণবিদ্বেষের এই বিষবাষ্প কতটা গভীর, শিবরামকৃষ্ণনের এই বিস্ফোরক বয়ান নতুন করে সেই বিতর্ক উসকে দিল।

