প্রতি মুহূর্তেই বদলাবে ভোটার তালিকা! কমিশনের নজিরবিহীন পদক্ষেপ ঘিরে শোরগোল – এবেলা
এবেলা ডেস্কঃ
বড়সড় ঘোষণা নির্বাচন কমিশনের! এখন থেকে আর সপ্তাহের নির্দিষ্ট দিনে নয়, বরং প্রতিদিন প্রকাশ করা হতে পারে অতিরিক্ত ভোটার তালিকা। এই মর্মে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে বিশেষ অনুমতি চেয়েছে কমিশন। সোমবার মধ্যরাতে প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের পর থেকেই রাজ্যজুড়ে তৈরি হয়েছে তীব্র বিভ্রান্তি। বহু ভোটার নিজেদের এপিক নম্বর দিয়ে সার্চ করতেই দেখছেন ‘বিচারাধীন’ বা ‘Under Adjudication’ স্ট্যাটাস। খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এই ইস্যুতে সরব হয়েছেন। ডিজিটাল পোর্টালে যান্ত্রিক বিভ্রাট নাকি অন্য কোনো কারণ, তা নিয়ে যখন ধোঁয়াশা তুঙ্গে, তখনই প্রতি ২৪ ঘণ্টায় তালিকা আপডেট করার এই আর্জি নতুন জল্পনা তৈরি করেছে। হাইকোর্ট এই প্রস্তাবে সাড়া দিলে ভোটার তালিকায় নাম থাকা বা বাদ পড়া নিয়ে প্রতি মুহূর্তে বড় আপডেট পাওয়ার সম্ভাবনা তৈরি হলো।

