লেটেস্ট নিউজ

চাকরিহারাদের নেতা এখন রাজনৈতিক মুখপাত্র? ফেসবুক পোস্ট ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি – এবেলা

এবেলা ডেস্কঃ

যোগ্য চাকরিহারাদের আন্দোলনের পরিচিত মুখ সুমন বিশ্বাসকে ঘিরে শুরু হয়েছে চরম বিতর্ক। বিধায়ক হুমায়ুন কবীরের দল ‘আম জনতা উন্নয়ন পার্টি’র ফেসবুক পেজে প্রকাশিত পদাধিকারীদের তালিকায় সুমনের নাম দেখে থমকে গেছেন অনেকেই। শুধু নাম নয়, তাঁকে দেওয়া হয়েছে দলের সাধারণ সম্পাদক ও মুখপাত্রের গুরুদায়িত্ব।

কিন্তু আসল টুইস্ট এখানেই! সুমন বিশ্বাসের দাবি, তিনি কোনোদিন ওই দলে যোগ দেননি, এমনকি যোগ দেওয়ার ইচ্ছাপ্রকাশও করেননি। অথচ গত জানুয়ারি মাস থেকে তাঁর নাম ও মোবাইল নম্বর সরকারিভাবে দলের পদে ঘুরছে। বিষয়টিকে ‘ষড়যন্ত্র’ আখ্যা দিয়ে তিনি জানান, নাম প্রত্যাহারের জন্য বারবার অনুরোধ করা হলেও হুমায়ুন কবীর কর্ণপাত করেননি।

উল্টে দলটির পক্ষ থেকে তাঁকে ‘নিমকহারাম’ বলার অভিযোগ উঠেছে। সুমন প্রশ্ন তুলেছেন, আন্দোলনের খাতিরে বিধায়কদের সঙ্গে দেখা হতেই পারে, কিন্তু সেই সুযোগে অনুমতি ছাড়াই কাউকে দলের পদে বসিয়ে দেওয়া কি রাজনৈতিক অভিসন্ধি? ২৬ হাজার চাকরিহারার লড়াইয়ের মাঝে এই ‘পদ-বিভ্রাট’ এখন সল্টলেকের অনশন মঞ্চ থেকে সোশ্যাল মিডিয়া— সর্বত্র চর্চার হট টপিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *