বিপাকে বিশ্ববাজার কিন্তু ভারতের পকেটে রাশিয়ার তেল! আমদানির এই ম্যাজিক ফিগার চমকে দেবে আপনাকে – এবেলা
এবেলা ডেস্কঃ
আরব দুনিয়ার উত্তপ্ত পরিস্থিতির মাঝেই মাস্টারস্ট্রোক ভারতের। একদিকে যখন হরমুজ প্রণালীতে চরম অস্থিরতা আর বিশ্বজুড়ে তেলের হাহাকার, ঠিক তখনই রাশিয়ার থেকে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল আমদানির পথে হাঁটল মোদী সরকার। আন্তর্জাতিক রিপোর্ট বলছে, আগামী মাসের জন্য প্রায় ৬ কোটি ব্যারেল রুশ তেল কেনার চুক্তি সেরে ফেলেছে নয়াদিল্লি। মধ্যপ্রাচ্যের সংকটে যখন তেলের সরবরাহ শৃঙ্খল বিপর্যস্ত, তখন পুতিনের দেশই হয়ে উঠল ভারতের মুশকিল আসান।
ফেব্রুয়ারি মাসের তুলনায় রাশিয়ান তেল আমদানির এই পরিমাণ প্রায় দ্বিগুণ। মার্কিন প্রশাসনের বিশেষ ছাড়কে কাজে লাগিয়েই এই বিশাল পরিমাণ জ্বালানি নিশ্চিত করেছে ভারতীয় রিফাইনারিগুলো। ব্রেন্ট ক্রুডের চেয়ে ব্যারেল প্রতি ৫ থেকে ১৫ ডলার বেশি দিয়ে এই তেল কেনা হচ্ছে, যা স্পষ্ট করে দিচ্ছে দেশের অভ্যন্তরীণ বাজারে জোগান স্বাভাবিক রাখতে ভারত কতটা মরিয়া।
বিপজ্জনক হরমুজ প্রণালী এড়িয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে শুধু রাশিয়ার ওপরেই নয়, ভেনেজুয়েলার দিকেও হাত বাড়িয়েছে ভারত। এপ্রিল মাসেই সেখান থেকে প্রায় ৮০ লক্ষ ব্যারেল তেল আসতে পারে, যা গত চার বছরের মধ্যে সর্বোচ্চ। একক কোনো অঞ্চলের ওপর নির্ভরতা কমিয়ে জ্বালানির উৎস বহুমুখী করার এই কৌশলে আপাতত স্বস্তিতে দেশ।
ইতিমধ্যেই রুশ তেলবাহী ট্যাঙ্কার ‘এমটি অ্যাকুয়া টাইটান’ ভারতের উপকূলে পৌঁছে নোঙর করেছে। পাশাপাশি টেক্সাস থেকেও এলপিজি কার্গো এসে পৌঁছেছে নিউ ম্যাঙ্গালোর বন্দরে। সরকারি সূত্রে খবর, পারস্য উপসাগরে থাকা সমস্ত ভারতীয় জাহাজ ও নাবিকরা সুরক্ষিত আছেন এবং দেশের বন্দরে কোনো জট তৈরি হয়নি। সরবরাহ স্বাভাবিক রাখতে বন্দর কর্তৃপক্ষ আমদানির ক্ষেত্রে বেশ কিছু শুল্কও মকুব করেছে। বিশ্ববাজারের টালমাটাল পরিস্থিতিতে ভারতের এই সক্রিয় অবস্থান দেশের সাধারণ মানুষের জন্য এক বড় স্বস্তির খবর।

