লেটেস্ট নিউজ

কোটি কোটি টাকা ফেরত পাবেন শিখর ধাওয়ান! প্রাক্তন স্ত্রী আয়েষার বিরুদ্ধে বিরাট জয় গব্বর সাহেবের – এবেলা

এবেলা ডেস্কঃ

বিবাহ বিচ্ছেদ ও খোরপোষের টানাপড়েনে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার শিখর ধাওয়ানের জীবনে এলো এক স্বস্তির খবর। অস্ট্রেলিয়ার আদালতের নির্দেশ কার্যত নস্যাৎ করে দিয়ে দিল্লির পারিবারিক আদালত ধাওয়ানের পক্ষেই ঐতিহাসিক রায় দিল। ভারতের মাটিতে ধাওয়ানের এই জয় আইনি লড়াইয়ে এক নতুন মোড় নিয়ে এসেছে।

পুরো বিবাদের মূলে ছিল অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় ধাওয়ানের দুটি সম্পত্তি বিক্রি। অস্ট্রেলিয়ার পারিবারিক আদালত নির্দেশ দিয়েছিল যে ওই সম্পত্তি বিক্রির লভ্যাংশ হিসেবে ধাওয়ানকে প্রায় ৮.৯৪ লক্ষ অস্ট্রেলিয়ান ডলার বা ভারতীয় মুদ্রায় প্রায় ৫.৭২ কোটি টাকা তাঁর প্রাক্তন স্ত্রী আয়েষা মুখার্জিকে দিতে হবে। আদালতের নির্দেশ মেনে ধাওয়ান সেই বিশাল অঙ্কের টাকা মিটিয়েও দিয়েছিলেন। কিন্তু পরে তিনি দিল্লির পাতিয়ালা হাউস কোর্টে এই রায়ের বৈধতাকে চ্যালেঞ্জ জানান।

ধাওয়ানের যুক্তি ছিল, অস্ট্রেলিয়ার ‘প্রপার্টি সেটেলমেন্ট’ নীতি ভারতীয় হিন্দু বৈবাহিক আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাঁর আরও অভিযোগ ছিল, প্রবল চাপ এবং প্রতারণার আশ্রয় নিয়ে তাঁকে দিয়ে ওই আর্থিক চুক্তিতে সই করানো হয়েছিল। দিল্লির আদালত সেই যুক্তি গ্রহণ করে জানিয়েছে যে অস্ট্রেলিয়ার আদালতের ওই নির্দেশ ভারতে কার্যকর হবে না।

আদালতের সাম্প্রতিক রায়ে জানানো হয়েছে, আয়েষা মুখার্জিকে ওই ৫.৭২ কোটি টাকা শিখর ধাওয়ানকে ফেরত দিতে হবে। শুধু তাই নয়, মামলার শুরুর দিন থেকে বার্ষিক ৯ শতাংশ হারে সুদসহ এই টাকা মেটানোর নির্দেশ দেওয়া হয়েছে। এর পাশাপাশি ভবিষ্যতে ভারতে ধাওয়ানের সম্পত্তির ওপর আয়েষার কোনও রকম আর্থিক দাবি করার সুযোগও চিরতরে বন্ধ করে দিল আদালত। আইনজীবীদের মতে, বিদেশের আদালতের রায় ভারতীয় আইনের প্রেক্ষিতে কতটা গ্রহণযোগ্য, সেই বিচারে এই রায় এক যুগান্তকারী দৃষ্টান্ত হয়ে থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *