লেটেস্ট নিউজ

বিদ্যাসাগর হাসপাতালের ভোলবদলই লক্ষ্য; বেহালা পশ্চিমে উন্নয়নের অঙ্গীকার রত্নার – এবেলা

এবেলা ডেস্কঃ

বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়নকে নির্বাচনী হাতিয়ার করেছে ঘাসফুল শিবির। বুধবার ১৩২ নম্বর ওয়ার্ডের পর্ণশ্রী এলাকায় বাড়ি বাড়ি প্রচারে বেরিয়ে তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায় স্থানীয় বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালের পরিকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতি দেন। বামেদের সমালোচনার মুখে দাঁড়িয়ে তিনি জানান, বিধায়ক নির্বাচিত হলে হাসপাতালের আধুনিকীকরণ এবং চিকিৎসক সংকট দূর করাই হবে তাঁর অন্যতম প্রধান অগ্রাধিকার।

স্বাস্থ্য পরিষেবার পাশাপাশি এলাকার দীর্ঘদিনের জল জমার সমস্যা সমাধানেও বিশেষ জোর দিয়েছেন রত্নাদেবী। তিনি জানান, বেহালা পশ্চিমের নিচু এলাকাগুলোতে বুস্টার পাম্পিং স্টেশন তৈরির পরিকল্পনা রয়েছে তাঁর। নতুন কেন্দ্র হওয়ায় কাউন্সিলরদের সঙ্গে নিয়মিত বৈঠক করে এলাকার প্রতিটি গলি ও স্থানীয় সমস্যার খুঁটিনাটি তথ্য সংগ্রহ করছেন তিনি। তৃণমূল প্রার্থীর দাবি, মানুষের মৌলিক চাহিদা পূরণই তাঁর আগামীর মূল লক্ষ্য।

অন্যদিকে, বেহালা পশ্চিমে সিপিএম প্রার্থী নীহার ভক্ত জোরকদমে জনসংযোগ চালালেও বিজেপির প্রচার সেভাবে চোখে পড়ছে না বলে স্থানীয় সূত্রের খবর। গেরুয়া শিবিরের প্রার্থী ডাঃ ইন্দ্রনীল খাঁ-র উপস্থিতি তুলনামূলক কম থাকায় এবং বেহালা পূর্বে সুনীল মহারাজকে নিয়ে কর্মীদের অনীহায় তৃণমূল সুবিধাজনক অবস্থানে রয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। সব মিলিয়ে হাসপাতালের উন্নয়ন ও নাগরিক পরিষেবা ঘিরেই এখন বেহালার নির্বাচনী লড়াই জমে উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *