নির্বাচন ঘিরে ব্যারাকপুর শিল্পাঞ্চলে পুলিশের সাঁড়াশি অভিযান: ১৫০ কো ম্পা নি কেন্দ্রীয় বাহিনী ও গণগ্রেপ্তারের নির্দেশ – এবেলা
এবেলা ডেস্কঃ
আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে ব্যারাকপুর শিল্পাঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ কমিশনারেট। নির্বাচন কমিশনের কড়া নির্দেশে এলাকার ১,১৫০ জন জামিন অযোগ্য ধারায় অভিযুক্তের (এনবিডব্লিউ) বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। কমিশনার অমিত সিং প্রতিটি থানাকে অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন। ইতিপূর্বেই বিহার থেকে এক পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকিদের সন্ধানে তল্লাশি জারি রয়েছে।
ভোটের দিন বুথ পাহারা ও সার্বিক শান্তি বজায় রাখতে ব্যারাকপুরে মোট ১৫০ কো ম্পা নি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। বর্তমানে ১৯ কো ম্পা নি বাহিনী এলাকায় রুট মার্চ ও নাকা চেকিং চালাচ্ছে। পুলিশ কমিশনার কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকদের সঙ্গে বৈঠক করে বাহিনীর আবাসন এবং দায়িত্ব বণ্টন নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। প্রতিটি বুথের ভেতরে ও বাইরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা কঠোর নজরদারিতে থাকবেন বলে জানানো হয়েছে।
নিরাপত্তা নিশ্চিত করতে কল্যাণী এক্সপ্রেসওয়ে, বিটি রোড ও ফেরিঘাটসহ গুরুত্বপূর্ণ সংযোগস্থলগুলোতে কড়া নাকা চেকিং চলছে। ভাটপাড়া থেকে ইতিমধ্যে ২৭টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। অস্ত্র পাচার রোধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। এছাড়া ঝাড়খণ্ড ও বিহারের দুষ্কৃতীদের গতিবিধির ওপর নজর রাখতে বিশেষ গোয়েন্দা নজরদারি চালানো হচ্ছে। রেল স্টেশন ও জনবহুল এলাকাগুলোতেও তল্লাশি অভিযান আরও নিবিড় করা হয়েছে।

