বিচারপতির ভাইয়ের ফোনে হুমকি, সুপ্রিম কোর্টের মেজাজ হারানো বিচারপতির হুঁশিয়ারি – এবেলা
এবেলা ডেস্কঃ
দিল্লি: মেডিক্যাল অ্যাডমিশন সংক্রান্ত মামলার রায়ে অসন্তুষ্ট হয়ে খোদ বিচারপতির ভাইকেই ফোন করে বসল এক ব্যক্তি। Supreme \titleonly কোর্টের বিচারপতি সূর্যকান্তের দেওয়া নির্দেশের বৈধতা নিয়ে প্রশ্ন তোলায় এজলাসেই ফেটে পড়লেন তিনি। কড়া ভাষায় বিচারপতি বলেন, “আমার ভাইকে ফোন করে আমার নির্দেশ নিয়ে প্রশ্ন তোলার সাহস সে পায় কোথা থেকে? সে ভারতের বাইরে লুকিয়ে থাকলেও তাকে কী করে ধরতে হয় তা আমার জানা আছে।”
ঘটনাটি ঘটেছে মিরাটের সুভারতী মেডিক্যাল কলেজে বৌদ্ধ সংখ্যালঘু কোটায় পিজি কোর্সে ভর্তির একটি আবেদনকে কেন্দ্র করে। নিখিল কুমার পুনিয়া ও একতা পুনিয়া নামে দুই আবেদনকারী বৌদ্ধ ধর্মে ধর্মান্তরিত হওয়ার পর সংখ্যালঘু সুবিধা দাবি করেছিলেন। আদালত সেই আর্জি খারিজ করে দিলে ওই ব্যক্তি বিচারপতির ভাইকে ফোন করেন। বিচারপতি সূর্যকান্ত হরিয়ানা সরকারের আইনজীবীকে অবিলম্বে এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। ২৩ বছরের বিচারবিভাগীয় অভিজ্ঞতার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি স্পষ্ট জানান, আদালতের অবমাননা করে কেউ পার পাবে না। ওই ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি আদালত অবমাননার ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে।

