লেটেস্ট নিউজ

চন্দননগরে প্রার্থী ঘিরে অসন্তোষ: রাস্তায় নেমে বিক্ষোভ বিজেপি কর্মীদের একাংশের – এবেলা

এবেলা ডেস্কঃ

বিজেপির তৃতীয় প্রার্থী তালিকায় চন্দননগর বিধানসভা কেন্দ্রে দীপাঞ্জন গুহর নাম ঘোষণা হতেই দলের অন্দরে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। বৃহস্পতিবার এই সিদ্ধান্তের প্রতিবাদে বাগবাজার জিটি রোডের ওপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন স্থানীয় বিজেপি কর্মীদের একাংশ। হাতে দলীয় পতাকা নিয়ে প্রার্থী বদলের দাবিতে তারা ‘দীপাঞ্জন গুহ দূর হঠো’ স্লোগান দিতে থাকেন, যার ফলে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়।

বিক্ষুব্ধ কর্মীদের দাবি, চুঁচুড়ার বাসিন্দা দীপাঞ্জন গুহ ২০২১ সালের নির্বাচনে এই কেন্দ্র থেকেই প্রতিদ্বন্দ্বিতা করে তৃণমূলের ইন্দ্রনীল সেনের কাছে পরাজিত হয়েছিলেন। হারের মুখ দেখা প্রার্থীকে পুনরায় মনোনয়ন দেওয়া মেনে নিতে পারছেন না তারা। দলের একটি বড় অংশ এই সিদ্ধান্তের বিরোধিতা করে প্রার্থী পরিবর্তনের দাবিতে সরব হয়েছেন, যা ভোটের মুখে স্থানীয় নেতৃত্বের অস্বস্তি বাড়িয়ে দিয়েছে।

উল্লেখ্য, কেবল চন্দননগর নয়, বেলেঘাটা থেকে সল্টলেকসহ রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রার্থী নির্বাচন ঘিরে বিজেপির অন্দরে বিবাদ প্রকট হচ্ছে। দলের রাজ্য নেতৃত্ব কর্মীদের শান্ত করার চেষ্টা করলেও জেলায় জেলায় এই বিক্ষোভ অব্যাহত রয়েছে। নির্বাচনের দোরগোড়ায় দাঁড়িয়ে এই অভ্যন্তরীণ কোন্দল ও প্রার্থী নিয়ে অসন্তোষ সামাল দেওয়াই এখন পদ্ম শিবিরের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *