লেটেস্ট নিউজ

টিকিট না পেয়ে তৃণমূলের ওপর ক্ষুব্ধ মনোজ তিওয়ারি, এবার কি তবে গেরুয়া শিবিরে প্রাক্তন ক্রীড়া প্রতিমন্ত্রী – এবেলা

এবেলা ডেস্কঃ

তৃণমূলের প্রার্থী তালিকা থেকে বাদ পড়তেই বিস্ফোরক মনোজ তিওয়ারি। গতবারের ক্রীড়া প্রতিমন্ত্রী তথা শিবপুরের বিদায়ী বিধায়ককে এবার আর টিকিট দেয়নি ঘাসফুল শিবির। টিকিট না পেয়ে দলের ওপর তীব্র অভিমান ও ক্ষোভ উগরে দিয়েছেন এই তারকা ক্রিকেটার।

শিবপুরে এবার মনোজের বদলে বালির বিধায়ক রানা চ্যাটার্জিকে প্রার্থী করেছে তৃণমূল। এই সিদ্ধান্তের পরই জল্পনা তুঙ্গে। মনোজ জানিয়েছেন, তাঁর কাছে অন্য দল থেকে প্রস্তাব রয়েছে। তবে পরবর্তী পদক্ষেপ নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি তিনি। পরিবারের সঙ্গে কথা বলেই আগামীর পথ ঠিক করবেন বলে জানান মনোজ।

২০২১ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে রাজনীতিতে পা রেখেছিলেন মনোজ। সেবার বিজেপির রথীন চক্রবর্তীকে হারিয়ে বড় জয় ছিনিয়ে নিয়েছিলেন তিনি। কিন্তু গত কয়েক বছরে মন্ত্রী অরূপ রায়ের সঙ্গে তাঁর গোষ্ঠীদ্বন্দ্ব বারবার দলকে অস্বস্তিতে ফেলেছে। রাজনৈতিক মহলের ধারণা, এলাকার অভ্যন্তরীণ কোন্দল ও রুদ্রনীল ঘোষের মতো হেভিওয়েট বিজেপি প্রার্থীর বিরুদ্ধে লড়াই কঠিন বুঝেই তৃণমূল নেতৃত্ব মনোজকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

পুরানো দিনের স্মৃতিচারণ করে মনোজ বলেন, “মমতা দিদির একটা ফোনে রাজনীতিতে আসা। মানুষের জন্য কাজ করতে চেয়েছিলাম। এখন টিকিট না পেয়ে খারাপ তো লাগবেই।” জল্পনা ছড়িয়েছে, তবে কি এবার বিজেপিতে যোগ দিচ্ছেন তিনি? যদিও এই বিষয়ে খোলসা করে কিছু না বললেও, অন্য দলের প্রস্তাবের কথা স্বীকার করে জল্পনা জিইয়ে রেখেছেন এই প্রাক্তন ক্রিকেটার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *