লেটেস্ট নিউজ

উত্তর সিকিমে ভয়াবহ ধস: মাঝপথে আটকে পড়া কয়েক’শ পর্যটক উদ্ধার – এবেলা

এবেলা ডেস্কঃ

উত্তর সিকিমে প্রবল বৃষ্টির জেরে ভয়াবহ ধস নেমে পর্যটন ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। মঙ্গলবার সন্ধ্যায় চুংথাং থেকে লাচেন যাওয়ার পথে একাধিক স্থানে ধস নামায় প্রায় দুই শতাধিক পর্যটক মাঝরাস্তায় আটকে পড়েন। আটকে পড়া পর্যটকদের দ্রুত উদ্ধার করে স্থানীয় আইটিবিপি ক্যাম্প ও গুরুদ্বারে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়। বুধবার সকাল থেকে বর্ডার রোডস অর্গানাইজেশন (বিআরও) যুদ্ধকালীন তৎপরতায় রাস্তা মেরামতের কাজ শুরু করেছে।

সিকিম প্রশাসন সূত্রে খবর, পরিস্থিতি বিবেচনায় কিছু পর্যটককে লাচুংয়ে পাঠানো হলেও নিরাপত্তার খাতিরে অনেককেই গ্যাংটকে ফিরিয়ে আনা হয়েছে। মঙ্গনের জেলাশাসক অনন্ত জৈন জানিয়েছেন, রাস্তার অবস্থা ও আবহাওয়া পর্যবেক্ষণ করেই পুনরায় যান চলাচলের অনুমতি দেওয়া হবে। হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্কের পক্ষ থেকে জানানো হয়েছে, আটকে পড়া পর্যটকদের মধ্যে এ রাজ্যের অনেকেই ছিলেন এবং বর্তমানে তাঁরা সকলেই সুরক্ষিত আছেন।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তর সিকিমে আরও তিনদিন ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে, যা নতুন করে ধস নামার আশঙ্কা বাড়িয়ে তুলছে। দীর্ঘ প্রতীক্ষার পর চলতি মাসে লাচেন ও গুরুদংমার লেক পর্যটকদের জন্য খুলে দেওয়া হলেও এই প্রাকৃতিক দুর্যোগ চেনা ছন্দে ব্যাঘাত ঘটিয়েছে। ফলে তুষারপাত উপভোগ করতে আসা পর্যটকদের সফরসূচি বাতিল করে নিরাপদে ফিরে আসতে হচ্ছে। স্থানীয় প্রশাসন পর্যটকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *