লেটেস্ট নিউজ

কুশমণ্ডিতে উন্নয়নের খতিয়ান বনাম অপূর্ণ প্রতিশ্রুতি: ভোটের মুখে উত্তপ্ত রাজনৈতিক ময়দান – এবেলা

এবেলা ডেস্কঃ

বিগত পাঁচ বছরে কুশমণ্ডি বিধানসভা এলাকায় যোগাযোগ, শিক্ষা ও স্বাস্থ্য পরিকাঠামোয় একাধিক উন্নয়নের দাবি করেছেন বিদায়ী বিধায়ক তথা তৃণমূল প্রার্থী রেখা রায়। বিধায়ক তহবিল ও সরকারি সহায়তায় গ্রামীণ রাস্তার ভোলবদলসহ টাঙ্গন নদীর বাঁধ নির্মাণের মতো দীর্ঘদিনের দাবি পূরণ হয়েছে। সাড়ে তিন কোটি টাকারও বেশি ব্যয়ে পানীয় জল, পথবাতি এবং রাজবংশী সংস্কৃতি চর্চার জন্য বিশেষ কমিউনিটি হল নির্মাণের কাজও প্রক্রিয়াধীন রয়েছে বলে শাসক শিবিরের দাবি।

তবে পরিকাঠামোগত উন্নতির মাঝেও কুশমণ্ডিতে বাসস্ট্যান্ড তৈরি না হওয়া এখন শাসক দলের প্রধান মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় কয়েক লক্ষ মানুষের এই দীর্ঘদিনের দাবি পূরণ না হওয়ায় বিরোধীরা একেই প্রধান নির্বাচনী অস্ত্র হিসেবে ব্যবহার করছে। এছাড়া নিকাশি ব্যবস্থা, পথবাতির সমস্যা এবং এলাকার বিখ্যাত মুখোশ ও বাঁশ শিল্পের স্থায়ী বিপণন কেন্দ্রের অভাব নিয়েও জনমনে ক্ষোভ রয়েছে। শিল্পীরা কাজের সুযোগ না পেয়ে ভিনরাজ্যে পাড়ি দিচ্ছেন।

নির্বাচনী প্রচারে নেমে রেখা রায় প্রতিশ্রুতি দিচ্ছেন, এবার জয়ী হলে বাসস্ট্যান্ড নির্মাণই হবে তাঁর অগ্রাধিকার। অন্যদিকে, বিজেপি এই উন্নয়নের দাবিকে নস্যাৎ করে ‘কাটমানি’ ও পরিকাঠামোর ব্যর্থতার অভিযোগ তুলেছে। তাদের দাবি, বিধায়কের নিজের গ্রামেই উন্নয়নের ছোঁয়া পৌঁছায়নি। গ্রামীণ রাস্তার অগ্রগতি বনাম বাসস্ট্যান্ড ও হস্তশিল্পের সংকট—এই দুই মেরুর টানাপোড়েনেই এখন আবর্তিত হচ্ছে কুশমণ্ডির রাজনৈতিক সমীকরণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *