লেটেস্ট নিউজ

মমতার জয় চেয়ে বিতর্কে রেণুকা চৌধুরী, তীব্র ক্ষোভ প্রকাশ বঙ্গ কংগ্রেসের – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজ্যে তৃণমূলের বিরুদ্ধে একক লড়াইয়ের আবহে কংগ্রেস সাংসদ রেণুকা চৌধুরীর মন্তব্যে শোরগোল পড়ে গিয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, দলীয় অবস্থানের ঊর্ধ্বে গিয়ে ব্যক্তিগতভাবে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় চাইছেন তিনি। রেণুকার মতে, বিজেপিকে কড়া জবাব দিতে তৃণমূল নেত্রী লড়াই চালিয়ে যাচ্ছেন এবং একজন মহিলা হিসেবে তিনি এই সংগ্রামকে পূর্ণ সমর্থন করেন।

কেন্দ্রীয় নেত্রীর এই অবস্থানে চরম অস্বস্তিতে পড়েছে প্রদেশ কংগ্রেস। রাজ্যে যখন বাম-কংগ্রেস কোনো জোট ছাড়াই ২০ বছর পর একক শক্তিতে লড়ছে, তখন দিল্লির নেতার এমন বয়ান নিচুতলার কর্মীদের মনোবলে আঘাত করেছে বলে মনে করছে রাজনৈতিক মহল। বিশেষত, অধীর চৌধুরী-সহ স্থানীয় নেতৃত্ব যেখানে তৃণমূল সরকারের কড়া সমালোচনা করছেন, সেখানে রেণুকার এই ‘ব্যক্তিগত মত’ দলের অন্দরে বিভাজন স্পষ্ট করে দিয়েছে।

রেণুকা চৌধুরীর মন্তব্যের পাল্টায় তোপ দেগেছেন প্রদেশ কংগ্রেসের মিডিয়া সেলের প্রধান মিতা চক্রবর্তী। তিনি সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে বলেন, বাংলার রাজনীতির বাস্তব পরিস্থিতি না বুঝে জাতীয় স্তরের নেতাদের এমন মন্তব্য করা অনুচিত। মাঠের লড়াইয়ে না নেমে যারা তৃণমূলের হয়ে সওয়াল করছেন, নির্বাচনের এই স্পর্শকাতর সময়ে তাঁদের নীরব থাকার পরামর্শ দিয়েছে বঙ্গ কংগ্রেস নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *