লেটেস্ট নিউজ

জ্বালানি সংকটে স্বস্তি: ভারতের জন্য হরমুজ প্রণালী উন্মুক্ত করল ইরান – এবেলা

এবেলা ডেস্কঃ

ভৌগোলিক ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী ভারতের বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করে দিয়েছে ইরান। সম্প্রতি এক সাক্ষাৎকারে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, ভারতসহ চিন, রাশিয়া, পাকিস্তান ও ইরাকের মতো বন্ধু রাষ্ট্রগুলোর জাহাজ এই জলপথ দিয়ে নিরাপদে যাতায়াত করতে পারবে। পশ্চিম এশিয়ায় চলমান অস্থিরতার মাঝে তেহরানের এই সিদ্ধান্ত ভারতের জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে এক বিরাট স্বস্তি হিসেবে দেখা হচ্ছে।

ইরানি বিদেশমন্ত্রীর মতে, হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করা হয়নি; বরং নির্দিষ্ট কিছু দেশের সঙ্গে সমন্বয় করে জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে। তবে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে, আমেরিকা, ইজরায়েল এবং নির্দিষ্ট কিছু উপসাগরীয় দেশের জাহাজের জন্য এই পথ কঠোরভাবে নিষিদ্ধ থাকবে। ইতিপূর্বে ইরানের আংশিক অবরোধের ফলে বিশ্ববাজারে তেলের সরবরাহ নিয়ে যে উদ্বেগ তৈরি হয়েছিল, এই ঘোষণার ফলে তার কিছুটা উপশম হবে বলে আশা করা হচ্ছে।

আন্তর্জাতিক বিশ্লেষকরা এই ঘটনাকে ভারতের বড় কূটনৈতিক সাফল্য হিসেবে বিবেচনা করছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ইরানের শীর্ষ নেতৃত্বের সঙ্গে লাগাতার আলোচনার মাধ্যমেই এই ছাড়পত্র নিশ্চিত করেছেন। বন্ধুত্বের খাতিরে ভারতকে এই বিশেষ সুবিধা প্রদান করায় দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত হলো। বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে এই পদক্ষেপ বিশ্ব রাজনীতিতে ইরানের প্রভাব ও কর্তৃত্ব পুনর্প্রতিষ্ঠার ইঙ্গিত দিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *