লেটেস্ট নিউজ

বসিরহাটে ভোটার তালিকা থেকে বাদ ৩৪০ জন, বিক্ষোভে উত্তাল এলাকা – এবেলা

এবেলা ডেস্কঃ

বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্রের বড় গোবরা গ্রামের ৫ নম্বর বুথে ৩৪০ জন ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়া নিয়ে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। সোমবার নির্বাচন কমিশনের সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের পর দেখা যায়, বাদ পড়া সকলেই মুসলিম সম্প্রদায়ের বাসিন্দা। খসড়া তালিকায় তাঁদের নাম ‘বিচারাধীন’ থাকলেও চূড়ান্ত তালিকায় তা মুছে ফেলা হয়েছে। তালিকায় খোদ বুথ লেভেল অফিসার (BLO) মহম্মদ শফিউল আলমের নাম থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

এই গণহারে নাম বাদ পড়ার প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখান। তাঁদের অভিযোগ, প্রয়োজনীয় তিন-চারটি বৈধ নথি জমা দেওয়া সত্ত্বেও ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে পরিকল্পিতভাবে তাঁদের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। বিএলও জানান, যথাযথভাবে ফর্ম পূরণ ও নথি আপলোড করা সত্ত্বেও কোনো অজ্ঞাত কারণে তাঁদের নাম বাদ দেওয়া হয়েছে। এই বিষয়ে বিডিও-র দ্বারস্থ হলেও কোনো সদুত্তর মেলেনি বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন।

মোট ৯৯২ জন ভোটারের এই বুথে ৩৫৮ জনের নাম নিয়ে শুনানি হলেও শেষ পর্যন্ত ৩৪০ জনের নাম ‘ডিলিটেড’ বা বাদ পড়ার তালিকায় স্থান পেয়েছে। যথাযথ আইনি প্রতিকার পেতে এখন ট্রাইব্যুনালের দ্বারস্থ হওয়ার কথা ভাবছেন আন্দোলনকারীরা। নির্বাচন কমিশনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে স্থানীয়রা অভিযোগ করেছেন যে, রাজনৈতিক প্রভাব খাটিয়েই সাধারণ মানুষের নাম ভোটার তালিকা থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *