এক ঘণ্টার জন্য অন্ধকারে ডুববে দিল্লি! পৃথিবীকে বাঁচাতে বিদ্যুৎ সংস্থার বিশেষ আর্জি – এবেলা
এবেলা ডেস্কঃ
বিশ্বের বৃহত্তম পরিবেশ আন্দোলনে শামিল হচ্ছে ভারতের রাজধানী দিল্লি। আগামী ২৮ মার্চ রাত ৮:৩০ থেকে ৯:৩০ পর্যন্ত শহরের সমস্ত অপ্রয়োজনীয় আলো ও বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ রাখার জন্য ৫৪ লক্ষ গ্রাহককে আর্জি জানিয়েছে বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা BSES।
২০০৭ সালে সিডনি থেকে শুরু হওয়া এই ‘আর্থ আওয়ার’ আন্দোলন এ বছর ২০ বছরে পদার্পণ করছে। এবারের মূল থিম হল “Give an Hour for Earth” বা “পৃথিবীর জন্য এক ঘণ্টা দিন”। বিগত বছরগুলোতে দিল্লির বাসিন্দারা এই উদ্যোগে স্বতঃস্ফূর্ত সাড়া দিয়েছেন। পরিসংখ্যন অনুযায়ী, ২০২৪ সালে ২০৬ মেগাওয়াট এবং ২০২৫ সালে ২৬৯ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় হয়েছিল এই এক ঘণ্টায়।
পরিবেশ রক্ষায় BSES-এর ভূমিকা প্রসঙ্গে সংস্থার মুখপাত্র জানান, তারা কেবল এই এক ঘণ্টার প্রতীকি আন্দোলনেই সীমাবদ্ধ নন। বর্তমানে সংস্থাটি ১৩,০০০-এর বেশি রুফটপ সোলার সংযোগ এবং ৬,৩০০-এর বেশি ইভি চার্জিং পয়েন্ট স্থাপন করেছে। ২০২৬-২৭ অর্থবর্ষের মধ্যে তাদের গ্রিন পাওয়ার পোর্টফোলিও ৫০ শতাংশে নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
WWF-ইন্ডিয়া এই উদ্যোগে BSES-এর দীর্ঘস্থায়ী অংশীদারিত্বের প্রশংসা করেছে। সচেতনতা বাড়াতে সংস্থাটি এসএমএস ক্যাম্পেইন, নিউজলেটার এবং ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে প্রচার চালাচ্ছে। আগামী শনিবার নির্দিষ্ট সময়ে ৪০০-র বেশি অফিস এবং কয়েক কোটি বাসিন্দার সম্মিলিত অংশগ্রহণে এক সুস্থ ও স্থিতিশীল ভবিষ্যতের বার্তা দিতে প্রস্তুত দিল্লি।

