ইরান-আমেরিকা যুদ্ধবিরতিতে পাকিস্তানের মধ্যস্থতা, জেডি ভ্যান্সের সফর ঘিরে তুঙ্গে জল্পনা – এবেলা
এবেলা ডেস্কঃ
মধ্যপ্রাচ্যে চার সপ্তাহের রক্তক্ষয়ী সংঘর্ষের পর ইরান ও আমেরিকার মধ্যে যুদ্ধবিরতির সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া ১৫ দফা শর্ত সংবলিত প্রস্তাবটি পাকিস্তানের মাধ্যমেই তেহরানের কাছে পৌঁছানো হয়েছে বলে জানা গেছে। বর্তমান পরিস্থিতিতে শাহবাজ শরিফ সরকার দুই দেশের মধ্যে প্রধান মধ্যস্থতাকারী হিসেবে আবির্ভূত হয়েছে, যা আন্তর্জাতিক মহলে বিশেষ গুরুত্ব পাচ্ছে।
এই শান্তি প্রক্রিয়ার অংশ হিসেবে চলতি সপ্তাহের শেষে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের পাকিস্তান সফরের জোর গুঞ্জন শুরু হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম ‘সিএনএন’-এর প্রতিবেদন অনুযায়ী, ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ইরানের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার টেবিলে বসতে আগ্রহী। হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট সরাসরি কিছু না জানালেও, ভ্যান্সকে প্রশাসনের অন্যতম গুরুত্বপূর্ণ নীতিনির্ধারক হিসেবে উল্লেখ করেছেন।
পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানিয়েছেন, ইসলামাবাদের মাটিতেই দুই বিবাদমান পক্ষ আলোচনায় বসতে পারে এবং ট্রাম্প প্রশাসন এই প্রস্তাবে প্রাথমিক সম্মতি দিয়েছে। মূলত পাকিস্তানের মাধ্যমেই বর্তমানে ওয়াশিংটন ও তেহরান একে অপরের কাছে বার্তা আদান-প্রদান করছে। ভাইস প্রেসিডেন্টের এই সম্ভাব্য সফর সফল হলে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে একটি বড়সড় কূটনৈতিক মোড় আসতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

