আরজি কর নির্যাতিতার মায়ের হয়ে জলহাটিতে রেকর্ড জয়ের হুঙ্কার শুভেন্দুর – এবেলা
এবেলা ডেস্কঃ
কলকাতা: ২০২৬-এর বিধানসভা নির্বাচনে আরজি কর ইস্যুকে হাতিয়ার করে ঘর গোছাতে মরিয়া বিজেপি। জলহাটি কেন্দ্রে আরজি কর নির্যাতিতার মাকে প্রার্থী করে বড় চমক দিয়েছে গেরুয়া শিবির। বৃহস্পতিবার প্রার্থীর বাড়িতে গিয়ে শুভেন্দু অধিকারী দাবি করেন, জলহাটির ইতিহাসে এবার রেকর্ড ব্যবধানে জয় আসবে। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খাসতালুক ভবানীপুরেও নির্যাতিতার মাকে প্রচারে নিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
শুভেন্দুর মতে, রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর এলাকায় গিয়ে নির্যাতিতার মা সরাসরি সাধারণ মানুষের কাছে বিচার চাইবেন। এদিন সকালে বিজেপি রাজ্য দফতরে গিয়েও তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ শানান নির্যাতিতার মা। তিনি স্পষ্ট জানান, রাজ্যের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে থাকা দুর্নীতি উপড়ে ফেলতেই তাঁর এই রাজনৈতিক লড়াই। পরিস্থিতির চাপে এবং মেয়ের ন্যায়বিচারের তাগিদেই তিনি আজ রাজনীতির ময়দানে। প্রার্থীপদ নিয়ে প্রশ্নের জবাবে শুভেন্দু জানান, স্বয়ং প্রধানমন্ত্রী এই নাম অনুমোদন করেছেন এবং গোটা রাজ্যেই শাসকদলের বিরুদ্ধে জনরোষ তৈরি হয়েছে।

