লেটেস্ট নিউজ

ইটাহার: প্রার্থীতালিকা প্রকাশের আগেই প্রচারে ঝড়, অমল আচার্যের নামে হোর্ডিং ঘিরে চাঞ্চল্য – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজ্যে কংগ্রেসের প্রার্থীতালিকা আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হলেও উত্তর দিনাজপুরের ইটাহারে কোমর বেঁধে প্রচারে নেমে পড়ল ‘হাত’ শিবির। দলীয় অনুমোদনের তোয়াক্কা না করেই অমল আচার্যের নামে বিশাল হোর্ডিং ও দেওয়াল লিখনের কাজ শুরু হয়েছে। ইটাহার ব্লক কংগ্রেসের কর্মীরা অমলকেই প্রার্থী নিশ্চিত ধরে নিয়ে বুথভিত্তিক বৈঠক ও সাংগঠনিক প্রস্তুতি তুঙ্গে তুলেছেন।

জেলা নেতৃত্বের ইঙ্গিত পেয়েই এই আগাম প্রচার শুরু হয়েছে বলে দাবি করেছেন অমল আচার্য। জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক কামরুল হকের মতে, নিচুতলার কর্মীদের আবেগের বহিঃপ্রকাশেই এই হোর্ডিং লাগানো হয়েছে। যদিও তৃণমূল কংগ্রেস বিষয়টিকে কটাক্ষ করে ‘হাস্যকর’ বলে অভিহিত করেছে। ব্লক তৃণমূল সভাপতির দাবি, আতঙ্কে থেকেই কংগ্রেস এমন আচরণ করছে।

প্রার্থীতালিকা ঘিরে অনিশ্চয়তা থাকলেও সামাজিক মাধ্যমেও পিছিয়ে নেই অমল অনুগামীরা। চৌরঙ্গী মোড় সংলগ্ন এলাকায় তাঁর সমর্থনে প্রচারের ঝাঁঝ ক্রমশ বাড়ছে। মূলত তৃণমূলকে টেক্কা দিতেই কংগ্রেস কর্মীরা আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা না করে আগেভাগেই ঘর গোছাতে শুরু করেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে ইটাহারের রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *