মাঝসমুদ্রে যুদ্ধের জাঁতাকলে বাংলার বাণিজ্য! আকাশছোঁয়া জাহাজ ভাড়ায় কলকাতা বন্দরে স্তব্ধ রপ্তানি – এবেলা
এবেলা ডেস্কঃ
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে সমুদ্রপথে পণ্য পরিবহণের খরচ একধাক্কায় ৮০ শতাংশ পর্যন্ত বেড়ে যাওয়ায় চরম সংকটে পূর্ব ভারতের রপ্তানি বাণিজ্য। বিশেষ করে কলকাতা বন্দরে দেখা দিয়েছে ভয়াবহ অচলাবস্থা। জাহাজ চলাচলের পথ বদলে যাওয়ায় এবং অতিরিক্ত যুদ্ধকালীন মাশুল যুক্ত হওয়ায় ইউরোপ ও আমেরিকাগামী পণ্যের জাহাজ ভাড়া লাগামছাড়া হয়ে পড়েছে। পরিস্থিতি এতটাই জটিল যে, নতুন বুকিং নিতে অস্বীকার করছে শিপিং কো ম্পা নিগুলি। ফলে কলকাতা বন্দরে লোডিংয়ের অপেক্ষায় থাকা প্রায় ৬০০ কন্টেইনার জায়গার অভাবে শহরে ফেরত পাঠাতে হয়েছে।
ইঞ্জিনিয়ারিং পণ্য থেকে শুরু করে মাছ, চিংড়ি, পোশাক ও ওষুধ—সব ক্ষেত্রেই রপ্তানি প্রায় ৫০ শতাংশ কমে গেছে। এর সঙ্গে দোসর হয়েছে এলপিজি গ্যাসের ঘাটতি, যা ইঞ্জিনিয়ারিং শিল্পের উৎপাদনে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। ফলে চলতি বছরে প্রবৃদ্ধির যে আশা করা হয়েছিল, তা ভেস্তে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
এই সংকটকালে রপ্তানিকারকদের স্বস্তি দিতে কেন্দ্রীয় সরকার ৪৯৭ কোটি টাকার বিশেষ প্যাকেজ ঘোষণা করেছে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে (MSME) পণ্য পরিবহণ ও বিমার খরচে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হবে, যার ঊর্ধ্বসীমা প্রতি রপ্তানিকারক পিছু ৫০ লক্ষ টাকা। সরকারি এই হস্তক্ষেপে বাণিজ্যিক মন্দা কতটা কাটে, এখন সেটাই দেখার।

