জ্বালানি সংকটের খবর ‘ভিত্তিহীন’, ৬০ দিনের পর্যাপ্ত মজুত নিশ্চিত করল কেন্দ্র – এবেলা
এবেলা ডেস্কঃ
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির জেরে দেশে তেল ও গ্যাসের তীব্র সংকটের খবরকে ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, দেশে আগামী ৬০ দিনের জন্য পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে। হরমুজ প্রণালী বন্ধ থাকলেও বিকল্প হিসেবে রাশিয়া, আমেরিকা ও অস্ট্রেলিয়াসহ প্রায় ৪০টি উৎস থেকে অশোধিত তেল আমদানি সচল রাখা হয়েছে।
মন্ত্রকের দাবি, আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে সামাজিক মাধ্যমে পরিকল্পিতভাবে এই ভুয়ো খবর রটানো হচ্ছে। বর্তমানে দেশের সমস্ত পেট্রোল পাম্পের পরিষেবা স্বাভাবিক রয়েছে এবং শোধনাগারগুলোতে পর্যাপ্ত মজুত নিশ্চিত করা হয়েছে। অতিরিক্ত জ্বালানি কেনা বা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে কেন্দ্র আশ্বস্ত করেছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও সম্প্রতি সংসদে জানিয়েছেন যে, দেশে বর্তমানে জ্বালানির কোনো অভাব নেই। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকার ইথানল উৎপাদন এবং বিকল্প সরবরাহ ব্যবস্থার ওপর জোর দিচ্ছে। এলপিজি সিলিন্ডার বুকিং ও সরবরাহের ক্ষেত্রে সাময়িক জটিলতা থাকলেও, সরকার দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার প্রতিশ্রুতি দিয়েছে।

